প্রতিবছর ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ দেয়া হবে : মাহদী আমিন

বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিবছর পাঁচ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ সুবিধা দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মুখপাত্র বলেন, ‘তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় ৫০ কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠন করা হয়েছে। এর মাধ্যমে প্রতিবছর পাঁচ হাজার তরুণকে জামানতবিহীন ঋণ দেয়া হবে। পাশাপাশি সাধারণ মানুষের হাতে স্মার্টফোন তুলে দিতে এর দাম ২-৩ হাজার টাকায় নামিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ফ্রিল্যান্সারদের জন্য আইটি পার্ক ও মাস্টারপ্ল্যান গ্রহণ করা হয়েছে। এ ছাড়া সব গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য অভিন্ন বয়সসীমা ও বেতন কাঠামো (সর্বনিম্ন ২০ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা) অনুমোদন করা হয়েছে।’

শিক্ষাখাতের উন্নয়নের বিষয়ে তিনি জানান, বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। উচ্চশিক্ষায় শীর্ষ ৫ শতাংশ মেধাবী শিক্ষার্থীকে শতভাগ সরকারি শিক্ষাবৃত্তি এবং এসএসসি পরীক্ষায় শীর্ষ মেধাবীদের বিনামূল্যে ল্যাপটপ দেয়ার সিদ্ধান্ত হয়েছে। কওমী ও আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে বিনামূল্যে সুষম খাবার সরবরাহের রূপরেখা প্রণয়ন করা হয়েছে। এ ছাড়া শিক্ষক দিবস উপলক্ষে সেরা ১০০ জন শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

জুলাই বিপ্লবের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাহদী আমিন বলেন,‘জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী ৭৪ জন শহিদের পরিবারের সদস্যদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যাসিবাদী সরকারের দোসর হিসেবে কাজ করা সাত জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে এবং তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তির ৫০% বাজেয়াপ্ত করে জুলাই ফাউন্ডেশনে দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।’

প্রবাসী আয়ের কথা উল্লেখ করে তিনি বলেন,‘বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও গত ছয় মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ১৩.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে (প্রায় ১ হাজার ৮৯৪ কোটি ডলার)।

সম্পূর্ণ বিনামূল্যে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে। এ ছাড়া যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি এবং বন্যাদুর্গত নেপালে ১ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ।’

১৫ সেপ্টেম্বর ২০২৬
এ জি