দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উপজেলা হিসেবে স্বীকৃতি পেল কুমিল্লার ‘বাঙ্গরা’। বুধবার (১ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের (প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি) ১২১তম সভায় মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে নতুন এই উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়।
এই প্রশাসনিক ঘোষণার খবর ছড়িয়ে পড়লে মুরাদনগর ও বাঙ্গরা এলাকায় স্থানীয়দের মাঝে আনন্দের জোয়ার বয়ে যায়। দীর্ঘ ১০ বছর আগে মুরাদনগর থানা থেকে আলাদা করে ‘বাঙ্গরা বাজার’ থানা গঠিত হলেও স্থানীয়রা শুরু থেকেই একে উপজেলা হিসেবে ঘোষণার দাবি জানিয়ে আসছিলেন। বর্তমান সরকারের আমলে এই দাবি বাস্তবায়িত হওয়ায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন।
মুরাদনগর উপজেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক শাহ আলম সরকার ও যুবদল নেতা চঞ্চল রায়হান এই ঘোষণায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা একে দীর্ঘ ১০ বছরের আন্দোলনের ফসল হিসেবে অভিহিত করেছেন।
এদিকে, এই নতুন প্রশাসনিক ইউনিটকে ঘিরে নতুন এক প্রস্তাব সামনে এসেছে। স্থানীয় সামাজিক সংগঠন ‘ঐতিহ্য কুমিল্লা’সহ বিভিন্ন সচেতন মহল ও ব্যক্তি এই নবগঠিত উপজেলা ও থানার নামকরণ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ‘নজরুল নগর উপজেলা’ করার দাবি জানিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে ঐতিহ্য কুমিল্লার সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল জানান, “নতুন এই প্রশাসনিক ইউনিটের নামকরণ জাতীয় কবির স্মৃতিকে ধারণ করে ‘নজরুল নগর’ রাখার জন্য আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলাম। এই নামটির মাধ্যমে আমাদের অঞ্চল যেমন গৌরবান্বিত হবে, তেমনি কবির প্রতি শ্রদ্ধা জানানো হবে।”
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
১ জুলাই ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur