উন্নয়ন কার্যক্রম গতিশীল করতে সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে: ডিসি
চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে মাসিক উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা উন্নয়ন ও সার্বিক প্রশাসনিক কার্যক্রম সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
রোববার (১৭ মে) সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে এই উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এরশাদ উদ্দিন বিগত সভার কার্যবিবরণী, গৃহীত সিদ্ধান্ত এবং বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন।
সভাপতির বক্তব্যের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, জেলার সার্বিক উন্নয়ন আমাদের সকলের দায়িত্ব। চাঁদপুরে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। যেকোনো উন্নয়নমূলক উদ্যোগ ও সমস্যার সমাধানে জেলা প্রশাসন সবসময় সহযোগিতা প্রদান করবে।
তিনি বলেন, জেলা উন্নয়ন সমন্বয় সভা কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি জেলার সার্বিক উন্নয়নের রূপরেখা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সরকারি অর্থের প্রতিটি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ জন্য সংশ্লিষ্ট দপ্তরসমূহকে স্বচ্ছতা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি ইউনিয়ন পরিষদের কার্যক্রম সক্রিয়করণ, গ্রাম আদালত কার্যকর করা, চাঁদপুর পৌরসভার বিভিন্ন স্থানে বেহাল অবস্থায় থাকা রাস্তাগুলো দ্রুত মেরামতের উদ্যোগ গ্রহণ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালে লোকবল সংকট নিরসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
এছাড়াও আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সতর্ক থাকার আহ্বান জানান জেলা প্রশাসক। তিনি ত্রুটিপূর্ণ রাস্তাঘাট দ্রুত সংস্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
জেলা প্রশাসক বলেন, আমরা মোবাইল কোর্ট করবো তবে জরিমানা করার জন্য নয়, প্রতিষ্ঠানকে সতর্ক করার জন্য। কারা ভালো ব্যবসায়ী যারা তাদেরকে চিহিত করা হবে। আর অসাধু ব্যবসায়ীদেরকে জেলে পাঠানো হবে।
এছাড়াও অন্যান্য দপ্তরের প্রতিনিধিরা নিজ নিজ বিভাগের প্রকল্প অগ্রগতি ও সমস্যা তুলে ধরেন এবং জেলার উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার আশ্বাস দেন।
সভায় জেলা প্রশাসক সরকারের উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সকল দপ্তর প্রধানকে নিজ নিজ অবস্থান থেকে যথাযথ দায়িত্ব পালনের জন্য আহ্বান জানানো হয়।
এ সময় আরও বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ মোঃ রবিউল হাসান, নৌ পুলিশ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম হাওলাদার, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নূর আলম দীন, চাঁদপুর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আশরাফ আহমেদ চৌধুরী, চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রিক হিসা, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এ এস এম জামিউল হিকমা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম শরীফ, গণপূর্ত বিভাগে নির্বাহী প্রকৌশল নাসিম আহমেদ টিটো, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ইউনুস আলী, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী পৌকৌশলী আবু মুসা মোহাম্মদ ফয়সাল, জেল সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন ভূঞাসহ আরও অনেকে।
-সাইদ হোসেন অপু চৌধুরী, ১৭ মে ২০২৬