বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য যে অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে, তা বলতেও লজ্জা লাগে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, গবেষণা ছাড়া বাংলাদেশে বিদেশি শিক্ষার্থীরা পড়তে আসবে না। তাই উচ্চশিক্ষার মানোন্নয়নে গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে।
শনিবার (২২ আগস্ট) বিকেলে সাভারের ব্র্যাক সিডিএম সেন্টারে ইউজিসি আয়োজিত ‘ভাইস-চ্যান্সেলর ডায়ালগ: শেপিং দ্য ফিউচার অব হায়ার এডুকেশন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা বাজেট বাড়াতে চেয়েছেন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘গবেষণা আমরা ভুলেই গিয়েছি। গবেষণা ছাড়া আমাদের দেশে পড়তে আসবে কে? বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য যে ফান্ড দিচ্ছি, সেটি বলতে আমাদের লজ্জা করে।’
তিনি বলেন, ‘আমার বয়স মাত্র ৬ মাস ৫ দিন। বসে থাকার আর কোনো সুযোগ নেই। এই সময়ে একটা স্ট্রাকচার দাঁড় করিয়েছি।’
শিক্ষার্থীদের ঋণ দেওয়ার জন্য বরাদ্দ করা অর্থ নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের লোন দেওয়ার জন্য একটি বিরাট অঙ্কের বাজেট ছিল। গিয়ে দেখলাম, সেটি কোটি কোটি টাকার ট্রাঙ্ক আরও আগেই চুরি হয়ে গেছে।’
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনো মানের দিক থেকে প্রত্যাশিত পর্যায়ে নেই। এগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নতুন বিশ্ববিদ্যালয় বাড়ানোর আগে পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করতে হবে।’
শিক্ষাখাতে বাজেট বাড়ানোর তথ্য তুলে ধরে তিনি বলেন, ‘বাজেটে শুভঙ্করের ফাঁকি ছিল। এবার ১ দশমিক ৩৯ শতাংশ থেকে ৩ শতাংশে বাজেট বাড়ানো হয়েছে। পরের বছর হয়তো ৩ দশমিক ৫ শতাংশ, তার পরের বছর ৪ শতাংশে উন্নীত হবে।’
মেধাবী শিক্ষার্থীদের বিদেশমুখী প্রবণতা ঠেকাতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় করার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, ‘এখনকার ব্রাইট শিক্ষার্থীরা শিক্ষক হতে চাচ্ছেন না, তারা বিদেশে যেতে চাচ্ছেন। ইউজিসিকে এমন সুযোগ-সুবিধা তৈরি করতে হবে, যেন মেধাবীরা দেশে থেকেই শিক্ষকতা করতে আগ্রহী হন।’
পিএইচডি গবেষণার সুযোগ আরও বিস্তৃত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শুধু বেসরকারি বিশ্ববিদ্যালয় নয়, পাবলিক বিশ্ববিদ্যালয়েও পিএইচডির সুযোগ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে ইউজিসিকে একটি কার্যকর কাঠামো তৈরি করতে হবে।’
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক জেড এন তাহমিদা বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
‘উচ্চশিক্ষা রূপান্তরে দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে আয়োজিত দুই দিনব্যাপী এ সংলাপে দেশের সরকারি ও বেসরকারি ৬০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অংশ নেন।
চাঁদপুর টাইমস ডেস্ক/
২২ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur