ইলিশের উৎপাদন কমে যাওয়ার প্রকৃত কারণ অনুসন্ধানে সরকারের উদ্যোগে গবেষণা কার্যক্রম চলছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। তিনি বলেন, শুধু মা ইলিশ ও জাটকা নিধনই নয়, নদীতে চর জেগে ওঠাসহ বিভিন্ন কারণে ইলিশের উৎপাদন কমতে পারে। এ বিষয়ে সুনির্দিষ্ট কারণ চিহ্নিত করে উৎপাদন বৃদ্ধির উপায় বের করতে বিজ্ঞানীদের দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের দাসাদী নদীর পাড়ে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’ উপলক্ষে আয়োজিত ভিজিএফের চাল বিতরণ ও জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, নদীতে চর জেগে ওঠার কারণে ইলিশের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। তবে উৎপাদন হ্রাসের পেছনে ঠিক কোন কোন বিষয় দায়ী, তা গবেষণার মাধ্যমে নির্ণয় করা হবে। একই সঙ্গে ইলিশের উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে সরকার।
তিনি আরও বলেন, মা ইলিশ সংরক্ষণ ও জাটকা নিধন রোধে জেলে সম্প্রদায়কে সরকার বিভিন্নভাবে সহযোগিতা করছে। ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ এবং এ দেশের নদীর ইলিশ স্বাদে-গুণে বিশ্বজুড়ে অনন্য। এই সম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে সবাইকে সচেতন হতে হবে।
সভায় জানানো হয়, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং জেলেদের জীবনযাত্রার মানোন্নয়নে শিগগিরই নতুন একটি প্রকল্প গ্রহণ করা হবে। এ প্রকল্পের মাধ্যমে জেলে সম্প্রদায়ের জন্য নতুন সুযোগ-সুবিধা সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে।
চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে ও চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লাহ সেলিম।
প্রতিবেদক: শরীফুল ইসলাম,
১৩ অক্টোবর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur