বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার টানা তৃতীয় জয় এবং অধিনায়ক লিওনেল মেসির ইতিহাস গড়া গোলকে ঘিরে চাঁদপুরে ফুটবলপ্রেমীদের মাঝে ছিল উৎসবের আমেজ। রোববার (২৮ জুন) সকালে চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল এলইডি স্ক্রিনে আর্জেন্টিনা ও জর্ডানের ম্যাচ উপভোগ করেন হাজারো সমর্থক। এ আয়োজন করে মোশারফ ফাউন্ডেশন।
খেলা শুরুর অনেক আগ থেকেই মাঠে জড়ো হতে থাকেন আর্জেন্টিনা সমর্থকরা। প্রিয় দলের জার্সি পরে এবং নীল-সাদা পতাকা হাতে নিয়ে তারা উচ্ছ্বাসে মেতে ওঠেন। খেলার প্রতিটি আক্রমণ, গোলের সুযোগ ও রোমাঞ্চকর মুহূর্তে দর্শকদের করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।
ম্যাচে লিওনেল মেসির ইতিহাস গড়া গোলে আর্জেন্টিনা ৩-১ ব্যবধানে জর্ডানকে পরাজিত করলে আনন্দে ফেটে পড়েন সমর্থকরা। “মেসি, মেসি” স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। খেলা শেষে বিজয়ের হাসি নিয়ে ঘরে ফেরেন সমর্থকরা।
খেলা দেখতে আসা সমর্থক মোঃ সবুজ গাজী বলেন, “মেসির খেলা সরাসরি বড় পর্দায় হাজারো সমর্থকের সঙ্গে উপভোগ করার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আর্জেন্টিনার সমর্থক হিসেবে আজকের জয় আমাদের জন্য বিশেষ আনন্দের।”
আরেক সমর্থক সাদিয়া ইসলাম বলেন, “চাঁদপুরে এমন সুন্দর পরিবেশে খেলা দেখার সুযোগ করে দেওয়ায় আয়োজকদের ধন্যবাদ। বিশেষ করে তারা নারীদের জন্য খেলা দেখার সুন্দর ব্যবস্থা করেছে। মেসির গোলের মুহূর্তটি সারাজীবন মনে থাকবে।”
মোশারফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মারজুক মুঈদ ঐশ্বর্য বলেন, “ফুটবলপ্রেমীদের একসঙ্গে খেলা উপভোগের সুযোগ করে দিতেই আমাদের এই আয়োজন। খেলাধুলা মানুষকে সম্প্রীতি ও আনন্দের বন্ধনে আবদ্ধ করে। পাশাপাশি মাদকসহ সামাজিক অপরাধ থেকে দূরে রাখে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “খেলার মাঝপথে একটি জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ায় আমরা সম্প্রচার সাময়িকভাবে বন্ধ রেখে সবাইকে জানাজায় অংশ নেওয়ার সুযোগ করে দিই। আমাদের মাইক্রোফোনটি জানাযার নামাজ পরিচালনা করার জন্য দিয়ে আমি নিজেও জানাজায় অংশগ্রহণ করেছি। খেলাধুলার আনন্দের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের প্রতিও আমরা সমানভাবে শ্রদ্ধাশীল।”
সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজন চাঁদপুরের ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। হাজারো দর্শকের উপস্থিতি এবং আর্জেন্টিনার দারুণ জয়ে পুরো আয়োজন পরিণত হয় এক প্রাণবন্ত ফুটবল উৎসবে।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
২৮ জুন ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur