আইনের সর্বোচ্চ প্রয়োগ করে চাঁদপুর থেকে মাদক নির্মূল করা হবে: এসপি

‘মাদক ব্যবসায়ী যেখানে, প্রতিরোধ সেখানে’ এবং “এসো সবাই শপথ করি, মাদকমুক্ত হাইমচর গড়ি”— এই দৃঢ় প্রত্যয় ও স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের হাইমচরে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল মাদকবিরোধী নাগরিক সভা। ‘বাংলাদেশ মাদক সচেতনতা ও প্রতিরোধ ফোরাম’-এর আয়োজনে এবং হাইমচর উপজেলা প্রশাসনের সহায়তায় এই সভার আয়োজন করা হয়। মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে জাগ্রত করতে প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব, শিক্ষক, শিক্ষার্থী, ধর্মীয় নেতা, সাংবাদিক ও পেশাজীবীদের অভূতপূর্ব সমন্বয় দেখা গেছে এই অনুষ্ঠানে। চাঁদপুরের পুলিশ সুপার মোঃ রবিউল হাসান বলেছেন, মাদক এই সকল অপরাধকে ডেকে আনে। মাদকের টাকা জোগাড় করতে মানুষ ছিনতাই চুরি, হত্যা সহ নানান অপকর্ম করে থাকে। এজন্য আমাদের সন্তানরা কোথায় যায় কি করে সেদিকে খেয়াল রাখব।

বৃহস্পতিবার ২৫ জুন সকালে হাইমচর উপজেলা চত্বরে মাদক সচেতনতা ও প্রতিরোধ ফোরামের উদ্যোগে।

সাংবাদিক শিমুল অধিকারী সুমনের প্রাণবন্ত সঞ্চালনায় এবং মাদক সচেতনতা ও প্রতিরোধ ফোরামের প্রধান সমন্বয়কারী ও মূল উদ্যোক্তা মোহাম্মদ ফারুকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ রবিউল হাসান।

পুলিশ সুপার মোহাম্মদ রবিউল হাসান মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, আইনের সর্বোচ্চ কঠোরতা প্রয়োগ করে চাঁদপুর থেকে মাদক নির্মূল করা হবে। এ সময় তিনি জেলা পুলিশের সাম্প্রতিক মাদকবিরোধী অভিযানের একটি পরিসংখ্যান তুলে ধরেন।গত ১ এপ্রিল ২০২৬ থেকে ২২ জুন ২০২৬ পর্যন্ত জেলা পুলিশের বিশেষ সাফল্যের মধ্যে দায়েরকৃত মাদক মামলা ৪৬০টি।গ্রেফতারকৃত মাদক কারবারি ৫৭৭ জন।উদ্ধারকৃত মাদক ৬,৯৫১ পিস ইয়াবা, ৫৯ কেজি ১১৯ গ্রাম গাঁজা, ৩টি গাঁজা গাছ, ২ লিটার চোলাই মদ এবং ১ বোতল বিদেশি মদ।

পুলিশ সুপার বলেন, “মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে চাঁদপুর জেলা পুলিশের এই চিরুনি অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।” অপরাধ দমনে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য তিনি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। একই সাথে মাদকাসক্ত ও সেবনকারীদের আলোর পথে ফিরিয়ে আনতে এবং তাদের মনস্তাত্ত্বিক পরিবর্তনের জন্য ‘তাবলীগ জামাতে’ পাঠানোর এক ব্যতিক্রমী ও মানবিক পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে মাদকমুক্ত হাইমচর গড়ার অঙ্গীকার ব্যক্ত করে আরও বক্তব্য রাখেন, অমিত রায় (উপজেলা নির্বাহী কর্মকর্তা, হাইমচর), মিজানুর রহমান (সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর), নাজমুল হাসান (অফিসার ইনচার্জ, হাইমচর থানা), আব্দুল মান্নান শিকদার (সভাপতি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি),জসীমউদ্দীন (সেক্রেটারি, উপজেলা জামায়াতে ইসলামী),ফখরুল ইসলাম শিমুল (সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইসলামী আন্দোলন, হাইমচর উপজেলা),আক্তার হোসেন হাওলাদার (যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি)

এছাড়াও গণমাধ্যমকর্মীদের পক্ষে বক্তব্য রাখেন হাইমচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাবেক সভাপতি ফারুকুল ইসলাম এবং প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা আলী আকবরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা একমত পোষণ করেন যে, কেবল আইনি প্রয়োগ নয়, মাদক রুখতে পারিবারিক ও সামাজিক সচেতনতা সবচেয়ে বেশি প্রয়োজন। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে “জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন” এই বাণী ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে হাত তুলে হাইমচরকে সম্পূর্ণ মাদকমুক্ত রাখার শপথ গ্রহণ করেন।’’

প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)/
২৫ জুন ২০২৬