Home / চাঁদপুর / চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
স্বেচ্ছাসেবক দলের

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও সংসদ সদস্য এস এম জিলানীর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাড়িতে হামলা এবং দেশব্যাপী অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (২২ নভেম্বর) বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চিত্রলেখা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান মাঝি। তিনি তার বক্তব্যে বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু কারও বাড়িতে হামলা, অগ্নিসংযোগ কিংবা মানুষের জানমালের ক্ষতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরো বলেন, দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলা ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সব সময় গণতন্ত্র, মানুষের অধিকার ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার পক্ষে কাজ করে আসছে। কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা যাবে না। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নেতা-কর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সামছুল আরেফিন খানের পরিচালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল ইসলাম সূর্য, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিউদ্দিন বাবলু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ কাকন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনির হোসেন মুন্না, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পীরজাদা জুনায়েদ উল্যাহ খানসহ জেলা, পৌর ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

এছাড়াও চাঁদপুর পৌরসভার ১৫টি ওয়ার্ড এবং সদর উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।

স্টাফ রিপোর্টার/
২২ নভেম্বর ২০২৬