চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের বানিয়াচোঁ ফকির বাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিনের জটিলতায় দুর্ভোগ পোহাচ্ছেন দুই শতাধিক পরিবারের সদস্যরা। বাড়িতে যাওয়ার পর্যাপ্ত ও উপযুক্ত রাস্তা না থাকায় অসুস্থ ব্যক্তি, নারী, শিশু ও বয়স্কদের চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। এমনকি মৃত্যুর পর মরদেহ বাড়ি থেকে বের করতেও স্বজনদের পড়তে হচ্ছে বিপাকে।
সম্প্রতি ওই বাড়ির মৃত মো. নুরুল আমিনের মরদেহ বাড়ি থেকে বের করার সময় এর চিত্র আরও স্পষ্ট হয়ে ওঠে। রাস্তার সংকটের কারণে মরদেহ বহন করতে গিয়ে স্বজন ও স্থানীয়দের চরম দুর্ভোগ পোহাতে হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, বাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও জটিলতা চলে আসছে। এ নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান, সদস্য ও বাড়ির লোকজনকে নিয়ে একাধিকবার বৈঠক হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। ফলে স্বাভাবিক চলাচলের পথ সংকুচিত হয়ে পড়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘ ১৫-১৬ বছর ধরে রাস্তার জায়গা নিয়ে বিরোধের কারণে চলাচলে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। তারা প্রশাসনের হস্তক্ষেপে জায়গা-সংক্রান্ত জটিলতা নিরসন করে স্থায়ীভাবে চলাচলের রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন।
ওই বাড়ির বাসিন্দা মো. আলী আশরাফ বলেন, ‘পূর্ব পুরুষদের সময় থেকেই এ পথ দিয়ে রিকশা নিয়ে বাড়িতে যাতায়াত করা হতো। প্রায় ১৫-১৬ বছর ধরে জায়গা নিয়ে জটিলতার কারণে চলাচলে সমস্যা হচ্ছে। অসুস্থ কাউকে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়ার মতোও ব্যবস্থা নেই। বাড়ির কেউ মারা গেলে তাকে কবরস্থানে নিয়ে যেতেও আমাদের অনেক কষ্ট হয়।
ইউপি সদস্য মো. তাজুল ইসলাম বলেন, ‘রাস্তা না থাকায় পরিবারের লোকজনের অনেক কষ্ট হচ্ছে। পরিবারের সদস্যরা সম্মিলিতভাবে রাস্তার জন্য জায়গা দিলে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে রাস্তা নির্মাণের চেষ্টা করা হবে।’
মেহের উত্তর ইউপি চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মজুমদার বলেন, ‘পারিবারিক জটিলতার কারণে ওই বাড়ির রাস্তার কাজ করা সম্ভব হয়নি। ইউনিয়ন পরিষদ থেকে রাস্তার জন্য বরাদ্দ থাকলেও জায়গা নিয়ে বিরোধের কারণে কাজ করা যায়নি। বিষয়টি নিয়ে একাধিকবার বৈঠক হয়েছে। কিন্তু সংশ্লিষ্টরা একে অপরকে জায়গা ছেড়ে না দেয়ায় রাস্তার কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি।’
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী তদন্তের মাধ্যমে জায়গার জটিলতা নিরসন করে চলাচলের রাস্তার ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
৭ অক্টোবর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur