প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মঙ্গলবার (২৮ জুলাই) মাউশি থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়। চিঠিটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষার সব আঞ্চলিক পরিচালক, উপপরিচালক এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ৭ আগস্টের মধ্যে নির্ধারিত নিবন্ধন ফরম পূরণ করে ফুটবল দলের প্রয়োজনীয় সব কাগজপত্র সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তার কাছে জমা দিতে হবে।
চিঠিতে জানানো হয়, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান আগামী ৯ আগস্ট চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মাউশি জানিয়েছে, প্রতিযোগিতা পরিচালনা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য নির্ধারিত নীতিমালা অনুসরণ করে নিবন্ধন ফরম পূরণ করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে অধ্যক্ষ বা প্রধান শিক্ষকের অগ্রায়ণপত্রসহ ফুটবল দল গঠন করে তা ৭ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে জমা দিতে হবে।
এ ছাড়া উপজেলা পর্যায়ে বিজয়ী দলের কাগজপত্র জেলা পর্যায়ে, জেলা পর্যায়ের বিজয়ী দলের কাগজপত্র অঞ্চল পর্যায়ে এবং অঞ্চল পর্যায়ের বিজয়ী দলের সব নথিপত্র জাতীয় পর্যায়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur