Home / চাঁদপুর / চাঁদপুর মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে ডা.ফেরদৌস নুর যোগাদান
মেডিকেল

চাঁদপুর মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে ডা.ফেরদৌস নুর যোগাদান

নাক, কান ও গলা বিভাগের সহকারী অধ্যাপক ডা. এ এইচ এম ফেরদৌস নুর (কাউসার) চাঁদপুর মেডিকেল কলেজে যোগদান করেছেন। গত ২৫ জুলাই তিনি সহকারী অধ্যাপক হিসেবে চাঁদপুর মেডিকেল কলেজে নতুন দায়িত্ব গ্রহণ করেন।এর পূর্বে তিনি চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে জুনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত থাকাবস্থায় পদোন্নতি পেয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব গ্রহণ করেন।

চিকিৎসাসেবা, গবেষণা ও একাডেমিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন ডা. ফেরদৌস নুর ২০০৭ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ৩৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০১০ সালের ১ জুলাই চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন।

এরপর ২০১১ সালে তিনি চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। উচ্চতর পেশাগত দক্ষতা অর্জনের লক্ষ্যে ২০১২ সালে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এফসিপিএস প্রশিক্ষণের জন্য সহকারী রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে এফসিপিএস কোর্স সম্পন্ন করার অংশ হিসেবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। পরবর্তীতে ২০১৭ সালে তিনি ঢাকা তেজগাঁও জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটে গবেষণা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে ২০২১ সালে তিনি পুনরায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। ২০২২ সালে জুনিয়র কনসালটেন্ট হিসেবে পদোন্নতি পেয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব গ্রহণ করেন। সর্বশেষ নাক, কান ও গলা বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভের পর গত ২৫ জুলাই চাঁদপুর মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন।

এছাড়া তিনি সরকারি টিউটির বাহিরে দীর্ঘদিন ধরে পূর্বের ন্যায় চাঁদপুর ফ্যামিলি কেয়ার প্রাইভেট হাসপাতালে নিয়মিত রোগী দেখছেন।

ব্যক্তিজীবনে ডা. এ এইচ এম ফেরদৌস নুর চাঁদপুর শহরের নতুন বাজার উকিলপাড়া এলাকার বাসিন্দা। তার পিতা মরহুম মো. আবুল হাশেম এবং মাতা ফেরদৌস আক্তার। তিনি বিবাহিত। তার স্ত্রী ডা. ইসরাত জাহানও বর্তমানে চাঁদপুর মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

চাঁদপুর মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে ডা. ফেরদৌস নুরের যোগদানে নাক, কান ও গলা বিভাগের চিকিৎসাসেবা ও একাডেমিক কার্যক্রম আরও সমৃদ্ধ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। তার নতুন কর্মস্থলে যোগদানে সহকর্মী, শুভানুধ্যায়ী ও চাঁদপুরের চিকিৎসা মহল তাকে অভিনন্দন জানিয়েছেন এবং সফলতা কামনা করেছেন।

প্রতিবেদক: কবির হোসেন মিজি/
২৫ আগস্ট ২০২৬