উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল চাঁদপুর-এর এসএসসি-২০২৬ সালের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেলে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে এক আনন্দময় পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপপরিচালক মো. আরিফুল ইসলাম। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল চাঁদপুরের অধ্যক্ষ মো. নূর খানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক ও একাডেমিক লিঁয়াজো অফিসার আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ড্যাফোডিল গ্রুপের ডেপুটি ডিরেক্টর মো. জাফর ইকবাল খান, ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট বাবুরহাট শাখার অধ্যক্ষ মো. সেলিম মিয়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী এবং দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত। কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন তাজবীর বিন হান্নান ও মুশফিকা আলম ইরা।
প্রধান অতিথির বক্তব্যে মো. আরিফুল ইসলাম বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের ধারাবাহিক সাফল্য শুধু প্রতিষ্ঠানটির নয়, পুরো চাঁদপুরের জন্যই গর্বের বিষয়। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে দক্ষ শিক্ষক, সুষ্ঠু ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতার ওপর। এসবের সমন্বিত প্রতিফলন দেখা যাচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের ফলাফলে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান, চাঁদপুরের কৃতী সন্তান ড. মো. সবুর খানের শিক্ষা বিস্তারে অবদানের প্রশংসা করে প্রধান অতিথি বলেন, চাঁদপুরের মাটিতে জন্ম নিয়ে তিনি শিক্ষা ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান গড়ে দেশের তরুণ প্রজন্মের জন্য যে সুযোগ সৃষ্টি করেছেন। যা অত্যন্ত প্রশংসনীয়। তাঁর দূরদর্শী চিন্তা ও শিক্ষার প্রতি অঙ্গীকারের কারণে ড্যাফোডিল গ্রুপ আজ দেশের শিক্ষা খাতে একটি গুরুত্বপূর্ণ নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। চাঁদপুরে মানসম্মত শিক্ষা বিস্তারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথিদের বক্তব্যে বক্তারা বলেন, শুধু ভালো ফলাফল অর্জন নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ করে গড়ে তোলাই একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানের মূল লক্ষ্য। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল চাঁদপুর সেই লক্ষ্য সামনে রেখে এগিয়ে যাচ্ছে। ড. মো. সবুর খানের শিক্ষা দর্শন ও ড্যাফোডিল গ্রুপের সার্বিক পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠানটি চাঁদপুরের শিক্ষা অঙ্গনে ইতোমধ্যে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে। আগামী দিনে এ প্রতিষ্ঠান থেকে আরও কৃতী ও দক্ষ প্রজন্ম বেরিয়ে আসবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এসএসসির ফলাফল জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এ সাফল্যকে ভিত্তি করে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনে আরও ভালো করতে হবে। একই সঙ্গে তারা শিক্ষক ও অভিভাবকদের প্রতিও কৃতজ্ঞতা জানান, যাদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করেছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল শুধুমাত্র ভালো শিক্ষার্থী গড়ার প্রতিষ্ঠানই নয়, আলোকিত মানুষ গড়ার বাতিঘর হয়ে উঠবে, আমরা সেই প্রত্যাশা রাখছি।
অনুষ্ঠানের শেষ পর্বে কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। তারা শিক্ষার্থীদের এ সাফল্যকে ভবিষ্যতের পথচলায় অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, এবছর এসএসসি (২০২৬) পরীক্ষায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল চাঁদপুর থেকে মোট ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাস করেছে। তাদের মধ্যে ১৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
২৪ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur