চাঁদপুরে জ্বালানি তেল সংকট নিরসনে তেল এজেন্টদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় চাঁদপুর শহরের (এমপি বাসভবন ) মুনিরা ভবনের মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন তেল এজেন্টরা উপস্থিত ছিলেন। সভায় এজেন্টদের কাছ থেকে জ্বালানি তেলের সরবরাহ ও মজুদের সার্বিক তথ্য নেওয়া হয় এবং কৃত্রিম সংকট সৃষ্টি না করতে কঠোরভাবে সতর্ক করা হয়।
সভায় শেখ ফরিদ আহমেদ মানিক এমপি বলেন, গত বছরের এই সময়ে যে পরিমাণ তেল সরবরাহ ছিল, বর্তমানে একই পরিমাণ তেল সরবরাহ রয়েছে। তাহলে কৃত্রিম সংকট কেন তৈরি হচ্ছে এ প্রশ্ন তুলে তিনি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন।
অধিক মুনাফার উদ্দেশ্যে তেল বিক্রির বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে তিনি বলেন, যারা বেশি দামে তেল বিক্রি করবেন, তারা ফ্যাসিবাদের দোষর হিসেবে বিবেচিত হবেন। তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।
তিনি স্পষ্ট ভাষায় বলেন, সরকার নির্ধারিত নিয়ম মেনেই ব্যবসা পরিচালনা করতে হবে। অন্যথায় সাব-লাইসেন্স বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশ দেন।
এমপি মানিক আরও বলেন, কোনোভাবেই তেল বাইরে বা খোলা বাজারে বিক্রি করা যাবে না। ইতোমধ্যে খোলা বাজারে প্রতি ভলগে প্রায় ৩৮ হাজার টাকায় তেল বিক্রির তথ্য প্রশাসনের কাছে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কে, কোথায়, কীভাবে তেল বিক্রি করছে—সব তথ্য আমাদের কাছে আছে।
তিনি আরও জানান, দেশে বর্তমানে অন্তত তিন মাসের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং আগামী ছয় মাস নিয়েও কোনো সংকটের আশঙ্কা নেই। আগামী ১৫ দিন কোনো ভলগে তেল সরবরাহ না করার নির্দেশও দেন তিনি।
এজেন্টদের উদ্দেশে এমপি বলেন, সাব-এজেন্টদের কার্যক্রম নিয়মিত তদারকি করতে হবে এবং তাদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সংরক্ষণ রাখতে হবে। কেউ অবৈধভাবে তেল সংগ্রহ করতে চাইলে সরাসরি তাকে অবহিত করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থানা, এনএসআই ও পুলিশের কাছে প্রয়োজনীয় তথ্য সরবরাহ রাখতে হবে, যাতে কোনো অনিয়ম হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
সভায় চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, তেল সরবরাহ ও বিক্রির বিষয়ে গণমাধ্যমের কাছেও নিয়মিত তথ্য আসে। কারা কৃত্রিম সংকট তৈরি করছে, সে বিষয়েও তাদের কাছে তথ্য রয়েছে। তিনি সকলকে এমপি’র নির্দেশনা মেনে সৎভাবে ব্যবসা পরিচালনার আহ্বান জানান। মাঠে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন ,জেলা বিএনপি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা নিবিড় মনিটরিং করছে । চাঁদপুর প্রেসক্লাব থেকেও মাঠ পর্যায়ে কঠির মনিটরিং করা হবে । তবে কোন ব্যবসায়ী যদি হয়রানি স্বীকার হোনও তাও প্রেসকে জানাবেন । তবে মজুদদার ও অধিক মুনাফাকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে তথ্য,ছবিসহ পত্রিকায় প্রকাশ করা হবে ।
এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, ডিএম শাহজাহান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামছুল ইসলাম মন্টু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রহিম বাদশা,সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদেীস,সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান শোভনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় শহরের বিপুল সংখ্যক তেলের এজেন্ট উপস্থিত ছিলেন ।
সভায় জেলার অর্ধশতাধিক তেল এজেন্ট উপস্থিত ছিলেন। সবশেষে এমপি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, সৎভাবে ব্যবসা করলে সরকার সব ধরনের সহযোগিতা করবে। তবে অনিয়ম করলে লাইসেন্স বাতিল করে নতুনদের সুযোগ দেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক/ ১৭ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur