এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে সোমবার (১০ আগস্ট)। এবার গড় পাশের হার আগের বছরের তুলনায় কমে দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশে, যেখানে ২০২৫ সালে এই হার ছিল ৬৮.৪৫ শতাংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে—এবার ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন জিপিএ-৫ পেয়েছে, গতবার যা ছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডের গড় পাশের হার এবার ৬৪.০৫ শতাংশ, গত বছরের ৬৮.০৪ শতাংশের তুলনায় প্রায় ৪ শতাংশ পয়েন্ট কম।
এবার সর্বোচ্চ পাশের হার ঢাকা বোর্ডে এবং সর্বনিম্ন মাদরাসা বোর্ডে। ঢাকায় শতকরা ৭১.৬৩ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছেন। এরপরই আছে যশোর বোর্ড, সেখানে পাশের হার ৬৬.২৭%। তৃতীয় স্থানে থাকা কুমিল্লা বোর্ডে পাশের হার ৬৫.৪২%।
বাকি আট স্থানে আছে যথাক্রমে রাজশাহী (৬৩.৬৭%), বরিশাল (৬০.৩৫%), চট্টগ্রাম (৫৯.৪৮%), সিলেট (৫৮.৩৩%), দিনাজপুর (৫৮.০৫%), ময়মনসিংহ (৫৭.৩৯%), কারিগরি বোর্ড (৫৮.২০%), মাদরাসা বোর্ড (৫৫.৪৯%)।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিল—এর মধ্যে সাধারণ বোর্ডে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা বোর্ডের দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডের এসএসসি (ভোকেশনাল)-এ ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী ছিল।
ফল পুনর্নিরীক্ষণের জন্য ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
চাঁদপুর টাইমস ডেস্ক/
১০ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur