Home / সারাদেশ / উপজেলা হচ্ছে বগুড়ার মোকামতলা
bagura--

উপজেলা হচ্ছে বগুড়ার মোকামতলা

বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলায় প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে স্বর্ণগ্রাম, সীমান্ত ও দীগন্ত নামে ৩টি নতুন ইউনিয়ন গঠন করেছে সরকার। এ বিষয়ে রোববার (১৪ জুন) বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান স্বাক্ষরিত একটি গেজেট প্রকাশিত হয়েছে। একই সঙ্গে মোকামতলা পৌরসভা গঠনের প্রক্রিয়াও এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, প্রস্তাবিত পৌরসভার অনুমোদন কার্যকর হলে মোকামতলা উপজেলাটি ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো লাভ করবে।

গেজেটের তথ্য অনুযায়ী, ময়দানহাট্টা ইউনিয়ন ভেঙে গঠন করা হয়েছে ‘স্বর্ণগ্রাম’ ইউনিয়ন। ১৭টি মৌজা নিয়ে গঠিত এই ইউনিয়নের জনসংখ্যা ১৮,৯৩৪। এর অন্তর্ভুক্ত মৌজাগুলোর মধ্যে রয়েছে- পলাশী, হাটগাড়ী, গোকর্ণ, চন্দ্রহাটা, কচুয়া, গাথিলা গোপালপুর, ধাওয়াকান্দি, উত্তর কৃষ্টপুর, ছোবাহানপুর, কালুগাড়ী, ময়দানহাট্টা, দাড়িদহ, নিয়ামতপুর, বাগলপুর, চকবাগলপুর, খোর্দ্দ শোকড়া ও বুজরুক শোকড়া।

সৈয়দপুর ইউনিয়ন ভেঙে গঠিত ‘সীমান্ত’ ইউনিয়নের জনসংখ্যা ১৬,২৬৭। ১১টি মৌজা নিয়ে গঠিত এই ইউনিয়নের মৌজাগুলো হলো- মানকৈর, ভবানীপুর, অভিরামপুর, খেরুয়াপাড়া, কিশোরীপুর, জগন্নাথপুর, আমঝুপি, জীবনপুর, কুকি কালিদাস ও কুকি জগন্নাথপুর।

এছাড়া দেউলী ইউনিয়ন ভেঙে গঠন করা হয়েছে ‘দীগন্ত’ ইউনিয়ন। ভরিয়া (ভৈরা), মেঘাখর্দ্দ, আলমপুর, রহবল, সাওয়ালদহ, কৃষ্ণপুর, তালিবপুর ও বোয়ালমারী এই ৮টি মৌজা নিয়ে গঠিত ইউনিয়নটির জনসংখ্যা ১৭,৭৫৯।

নতুন ইউনিয়ন গঠন ও সম্ভাব্য পৌরসভার এলাকা বাদ দিয়ে উপজেলার অবশিষ্ট ৫টি ইউনিয়নও পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত ইউনিয়নগুলোর চিত্র নিম্নরূপ:

ময়দানহাট্টা ইউনিয়ন: ১২টি মৌজা, জনসংখ্যা ১৪,৭৬৭ জন।

দেউলী ইউনিয়ন: ৮টি মৌজা, জনসংখ্যা ১৪,৩৬০ জন।

সৈয়দপুর ইউনিয়ন: ১৪টি মৌজা, জনসংখ্যা ১৭,৪৭৪ জন।

মোকামতলা ইউনিয়ন: ১২টি মৌজা, জনসংখ্যা ১৬,০০৪ জন।

শিবগঞ্জ ইউনিয়ন: ১৩টি মৌজা, জনসংখ্যা ২৬,৩০৪ জন।

স্থানীয় প্রশাসন জানায়, দ্রুত বর্ধনশীল জনসংখ্যা বিবেচনা ও নাগরিক সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতেই এই প্রশাসনিক পুনর্বিন্যাস করা হয়েছে। মোকামতলা পৌরসভা গঠিত হলে এই অঞ্চলের নগর-সুবিধা ও উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আসবে।

পৌরসভাটি কার্যকর হওয়ার পর মোকামতলা উপজেলা মূলত স্বর্ণগ্রাম, সীমান্ত, দীগন্ত, ময়দানহাট্টা, দেউলী, সৈয়দপুর, মোকামতলা ও শিবগঞ্জ- এই ৮টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা নিয়ে পরিচালিত হবে।

১৫ জুন ২০২৬

এ জি