কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন পেয়ে যাত্রীবাহী লঞ্চে অসুস্থ এক যাত্রীকে চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে উন্নত চিকিৎসার জন্য কোস্ট গার্ডের তত্ত্বাবধানে ওই যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, ৩ নভেম্বর চিকিৎসা শেষে ঢাকা থেকে বরিশালগামী ‘এমভি এম খান-৭’ লঞ্চে বরিশালের উদ্দেশ্যে রওনা হন ওই ব্যক্তি। রাত ২টার দিকে লঞ্চটি চাঁদপুরের লালপুর সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে।
এ সময় লঞ্চের সুপারভাইজার কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর থেকে একটি মেডিকেল টিম দ্রুত লঞ্চে পৌঁছে অসুস্থ যাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করে।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ওই যাত্রীকে কোস্ট গার্ডের বোটযোগে চাঁদপুর লঞ্চঘাটে নিয়ে আসা হয়। সেখান থেকে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বেসরকারি অ্যাম্বুলেন্সযোগে তাঁকে শ্যামলী কিডনি হাসপাতালে পাঠানো হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া,
৩ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur