Home / আন্তর্জাতিক

আন্তর্জাতিক

করোনায় সৌদিতে প্রাণ গেলো আরেক রেমিট্যান্স যোদ্ধার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে মো. সাহাব উদ্দীন (৪০) নামের এক বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

জানা যায়, সৌদি আরবের জেদ্দা শহরের ব্যবসা করতেন তিনি। বেশ কিছুদিন ধরে করোনার উপসর্গে ভুগছিলেন। তারপর নমুনা পরীক্ষা করালে তার করোনা পজিটিভ আসে। ১৪ আগস্ট তাকে জেদ্দার সুলেমানিয়া হাসপাতালে ভর্তি করা হয়। ১৪ দিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

২৮ আগস্ট শুক্রবার রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেন জেদ্দায় বসবাসরত বাঙালি কমিউনিটির নেতা মো. আব্দুল ওয়াদুদ।

নিহত ব্যবসায়ী সাহাব উদ্দিন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নুর মোহাম্মদপুর গ্রামের আবু সাঈদ মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর পূর্বে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান সাহাব উদ্দিন। জেদ্দা শহরে নিজে ব্যবসা শুরু করেন। হয়ে ওঠেন স্বাবলম্বীও। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বার্তা কক্ষ,২৯ আগস্ট ২০২০

২৪ ঘণ্টায় ফের সর্বোচ্চ সংখ্যক শনাক্ত ভারতে

ভারতে গত ২৪ ঘণ্টায় ৭৭ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মহামারী শুরু হওয়ার পর দেশটিতে এটিই একদিনে সর্বোচ্চ সংখ্যক আক্রান্তের খবর।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এনডিটিভির খবরে এমন তথ্য জানা গেছে। ভারতে এখন পর্যন্ত করোনায় ৬১ হাজার ৫২৯ জনের মৃত্যু হয়েছে। আর সর্বমোট আক্রান্ত হয়েছেন ৩৩ লাখ ৮৭ হাজার ৫০০ মানুষ।

দক্ষিণ এশিয়ার দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন এক হাজার ৫৭ জন।

ভারতে এখন প্রতিদিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের চেয়েও বেশি রোগী শনাক্ত হচ্ছে। শনাক্ত রোগীর তালিকায় বিশ্বে ওই ‍দুটি দেশ যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে।

চীন থেকে বিশ্বময় ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বে ভারতের চেয়ে বেশি মৃত্যু হয়েছে কেবল দুই আমেরিকা মহাদেশের তিন দেশ যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও মেক্সিকোতে।

শনাক্ত রোগী বাড়লেও ভারতে এরই মধ্যে সরকারি হিসাবে আক্রান্তদের ৭৬ শতাংশের বেশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

খবরে বলা হয়, এখন পর্যন্ত ২৫ লাখ ৮৩ হাজার ৯৪৮ রোগী সুস্থ হয়ে উঠেছেন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্র। রাজ্যটিতে সাত লাখ ৩৩ হাজার ৫৬৮ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন।

দেশটির গণমাধ্যমের খবর অনুযায়ী, বুধবার থেকে ভারতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য কোভিড-১৯ টিকার হিউম্যান ক্লিনিকাল ট্রায়ালের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে।

অক্সফোর্ডের এ সম্ভাব্য টিকাটি পুনের সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই) থেকে উৎপাদিত হচ্ছে।

বুধবার ভারতীয় বিদ্যাপীঠ মেডিকেল কলেজ ও হাসপাতালে দুই পুরুষ স্বেচ্ছাসেবীর শরীরে এই টিকা প্রয়োগ করা হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

বার্তা কক্ষ,২৮ আগস্ট ২০২০

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী তরুণের মৃত্যু

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় ফারহান সাঈদ (২১) নামে এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। কুইন্সের জ্যামাইকায় মা-বাবা আর ভাইয়ের সাথে বসবাসরত ফারহানের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ এলাকায়।

গত মঙ্গলবার ভোররাত ৪টার দিকে নিউইয়র্ক আপস্টেটের বিয়ার মাউন্টেন এলাকায় পলিসাইড পার্কওয়ের এক্সিট ১৮-তে গাড়ি দুর্ঘটনায় মারা যান তিনি। দুর্ঘটনায় তার দুই বন্ধু আহত হয়েছেন। তবে তারা এখন আশঙ্কামুক্ত।

লং আইল্যান্ডে বসবাসকারী ফারহানের বন্ধু ইব্রাহিম ইমু মঙ্গলবার দিনই ‘ইনফিনিটি স্পোর্টস কার’ ক্রয় করেন এবং নতুন গাড়ি নিয়ে আনন্দ করতে লং ড্রাইভে বের হন। ইমু নিজেই গাড়ি ড্রাইভ করছিলেন। ধারাণা করা হচ্ছে, ওভার স্পিডের কারণেই তারা দুর্ঘটনার শিকার হন।

জানা গেছে, গাড়িটি মোড় ঘুরানোর সময় একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে পেছনের সিটে বসা ফারহান মারা যান। আহত দুজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

বার্তাকক্ষ, ২৭ আগস্ট ২০২০
কে. এইচ

দুটি মসজিদে ৫১ মুসল্লিকে হত্যার দায়ে ব্রেন্টন ট্যারেন্টের যাবজ্জীবন

নিউজিল্যান্ডের ক্রাইস্টার্চে দুটি মসজিদে জুমার সময় এলোপাতাড়ি গুলি করে ৫১ মুসল্লিকে হত্যার দায়ে সাদা শ্রেষ্ঠত্ববাদী ব্রেন্টন ট্যারেন্টকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। সাজার রায়ে এই ঘৃণ্য অপরাধীর জন্য কোনো প্যারোলের সুযোগ রাখা হয়নি।

দেশটিতে এই প্রথমবারের মতো কোনো অপরাধীকে এমন শাস্তি দেয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য পাওয়া গেছে।

ট্যারেন্টকে রায়ের শুনানির জন্য সোমবার আদালতে হাজির করা হয়েছিল। কয়েক দিনের শুনানির পর ভুক্তভোগীদের পরিবার সদস্যদের উপস্থিতিতে তার সাজার রায় ঘোষণা করা হয়েছে।

রোববার রায়ের শুনানির জন্য তাকে ক্রাইস্টচার্চে নিয়ে আসা হয়েছে।

টেলিভিশনের ভিডিও ফুটেজে দেখা গেছে, রোববার বিকালে স্থানীয় বিমানবন্দরে বিমান বাহিনীর একটি বিমান থেকে তাকে নামানো হয়। এ সময় তার শরীরে সুরক্ষা পোশাক ও মাথায় হেলমেট ছিল।

সশস্ত্র বাহিনীর সদস্যরা তাকে ঘিরে রেখেছিল। এরপর একটি সাদা ভ্যানের পেছনে চড়িয়ে নিয়ে যাওয়া হয় এই উগ্রপন্থীকে।

৫১ মুসল্লিকে হত্যা, ৪১ জনকে হত্যাচেষ্টা ও একটি সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগের দোষ স্বীকার করেছে এই অস্ট্রেলীয় সন্ত্রাসী।

নিউজিল্যান্ড হেরাল্ডের খবরে জানা গেছে, অকল্যান্ডের পারেমোরেমোতে অবস্থিত কারাগার থেকে ঘটনাস্থল ক্রাইস্টচার্চে নিয়ে যাওয়া হয়েছে তাকে।

আদালতের শুনানিতে হামলা থেকে বেঁচে যাওয়া লোকজন ও নিহতদের পরিবারের সদস্যরা তাদের বক্তব্য রাখেন। রায় ঘোষণার আগে ব্রেন্টন ট্যারেন্টকেও জবানবন্দি দেয়ার সুযোগ দেয়া হয়েছে।

নিউজিল্যান্ডে হত্যা মামলায় দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান আছে। মুক্তির কোনো সম্ভাবনা না রেখেই বিচারকের এমন রায় দেশটিতে একেবারে বিরল।

শরীর চর্চার প্রশিক্ষক ট্যারেন্ট অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ডে যান ২০১৭ সালে। এরপর অস্ত্র সংগ্রহ করে হত্যার ষড়যন্ত্র করে। ২০১৯ সালের ১৫ মার্চ যার বাস্তবায়ন ঘটে।

তার স্বজনদের সাক্ষাৎকার থেকে জানা গেছে, তার বয়স যখন কুড়ি, তখন বাবার উত্তরাধিকার সূত্রে ইউরোপ ভ্রমণের সময় সে উগ্রপন্থার সংস্পর্শে আসে। আর ইন্টারনেটের মাধ্যমে উগ্রপন্থীদের সঙ্গে পরিচয় ঘটে তার।

মসজিদে হামলার আগে অনলাইনে প্রকাশ করা এক ইশতেহারে মুসলমান ও অ-ইউরোপীয় অভিবাসীদের প্রতি তার ঘৃণার কথা জানায়। ‘ব্যাপক প্রতিস্থাপন তত্ত্বের’ প্রতি তার বিশ্বাসের কথাও প্রকাশ করেছে।

এই তত্ত্বের মতে, শ্বেতাঙ্গদের জন্মহার কমে যাওয়ার কারণে অশ্বেতাঙ্গরা সেই জায়গা দখল করে নেবে।

তার ইশতেহার ও হত্যার ভিডিও নিউজিল্যান্ডে নিষিদ্ধ করা হয়েছে।

এই ২৯ বছর বয়সী অস্ট্রেলীয় জুমার সময় মুসল্লিদের ওপর এলোপাতাড়ি গুলি চালালে আল-নূর মসজিদের ৪৪ মুসল্লি ও কয়েক মাইল দূরের লিনইউড মসজিদের সাত মুসল্লি নিহত হন।

যাদের সে হত্যা করেছে, তাদের মধ্যে তিন বছর বয়সী শিশুও ছিল। হত্যাকাণ্ডে পাঁচটি অস্ত্র ব্যবহার করেছে ট্যারেন্ট। যা সে বৈধভাবেই কিনেছে। নিউজিল্যান্ডের ইতিহাসে আর কখনো এমন ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেনি।

এই ঘটনার পর নিউজিল্যান্ডের বন্দুক আইন সংশোধন করা হয়েছে। এতে বেসামরিক লোকদের জন্য আধাস্বয়ংক্রিয় অস্ত্র নিষিদ্ধ করা হয়েছে। আর ৫৬ হাজার ২৫০টি আগ্নেয়াস্ত্র ক্রেতাদের কাছ থেকে ফেরত নেয়া হয়েছে।

এই হত্যাকাণ্ডের মাধ্যমে ট্যারেন্ট নিজের নৃশংসতা দেখাতে চেয়েছে। যে কারণে মসজিদে গুলি চালিয়ে সে যখন নিরাপদ মানুষের রক্তের বন্যা বইয়ে দিচ্ছিল, তখন সে তা সরাসরি ফেসবুকে সম্প্রচার করেছে।

বার্তা কক্ষ,২৭ আগস্ট ২০২০

খেলতে এসে ,পড়তে এসে এখন তারা পেশাদার প্রতারক

ফেসবুকে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে চার বিদেশি (নাইজেরিয়ান ও ঘানা) নাগরিককে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অর্গানাইজড ক্রাইমের একটি টিম।

বুধবার দুপুরে রাজধানীর মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশেষ পুলিশ সুপার (এসএসপি) সৈয়দা জান্নাত আরা।

প্রতারণার অভিযোগে আটক চারজনের মধ্যে নাইজেরিয়ান দুই নাগরিক হলেন- মরাে মহাম্মদ, মরিসনও এবং ঘানার দুই নাগরিক সিসম ও এন্থনী। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৬টি ল্যাপটপ, বেশকিছু সিম এবং ৬টি বিভিন্ন মডেলের মােবাইল ফোন উদ্ধার করা হয়।

সিআইডির পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা আরও বলেন, ‘এ সময় তাদের অন্য সহযোগীদের মাধ্যমে কাস্টমস কমিশনার পরিচয় দিয়ে ভিকটিমকে মূল্যবান গিফটি গ্রহণসহ শুল্ক বাবদ মোটা অংকের টাকা কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টে পরিশোধের জন্য চাপ দেন। গিফটি রিসিভ না করলে আইনি জটিলতার ভয়ও দেখান। ফলশ্রুতিতে ভিকটিম তাদের দেয়া বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ৫৫ হাজার টাকা জমা দেন।’

একইভাবে আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণার মাধ্যমে সারাদেশে অসংখ্য ভিকটিমের কাছ থেকে কয়েক কোটি টাকা গত কয়েক মাসের মধ্যে হাতিয়ে নিয়েছে মর্মে সিআইডি প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত হয়েছে। গ্রেফতারকৃত বিদেশিরা দীর্ঘ দিন ধরে বাংলাদেশে অবস্থান করে এ ধরনের প্রতারণা করে আসলেও এদেশে তাদের অবস্থানের বৈধ কোনো কাগজপত্র এবং পাসপোর্ট দেখাতে পারেননি।

প্রথমত তারা ট্যুরিস্ট, খেলোয়াড়, বিজনেস ও স্টুডেন্ট ভিসায় বাংলাদেশে প্রবেশ করে পরবর্তীতে স্থানীয় কিছু এজেন্টের সহায়তায় এ ধরনের প্রতারণা করে আসছিলেন

সিআইডির এ কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশে স্বল্পমেয়াদি ভিসায় আসা আফ্রিকানদের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ভিসার মেয়াদ শেষ হলেও প্রতি বছর তারা কী করে বাংলাদেশে অবস্থান করছিলেন তা খতিয়ে দেখা হবে। এ বিষয়টে সিআইডি এসবির (পুলিশের বিশেষ শাখা) সঙ্গে আলোচনা করবে। কারণ ইমিগ্রেশন বিভাগ এসবির অধীনে।

গ্রেফতারদের বিরুদ্ধে ভুক্তভোগী খায়রুল ইসলাম বাদী হয়ে রাজধানীর কাফরুল থানায় একটি মামলা দায়ের করেছেন।

বার্তাকক্ষ, ২৬ আগস্ট ২০২০
কে. এইচ

১৩৯ বছরের পুরোনো মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ড

দক্ষিণ আফ্রিকায় ১৩৯ বছরের প্রাচীন একটি মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মসজিদটি ডারবান শহরে অবস্থিত। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা যায়নি। খবর আলজাজিরার।

স্থানীয় সময় সোমবার গ্রে স্ট্রিট নামের ওই মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দক্ষিণ আফ্রিকায় অবস্থিত অন্যতম বৃহৎ এই মসজিদে কিভাবে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত নয়।

সাউথ আফ্রিকান মুসলিম নেটওয়ার্কের চেয়ারম্যান ফয়সাল সোলাইমান এএফপিকে জানিয়েছেন, বিদ্যুৎ সংযোগে ত্রুটি থেকেই হয়ত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, এটা সম্ভবত দুর্ঘটনাবশত হয়েছে। ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর সম্ভাবনার কথা নাকচ করে দিয়েছেন তিনি।
ওই মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের খবর এখনও নিশ্চিত নয়। অগ্নিকাণ্ডের বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে দেখা গেছে লোকজন মসজিদের কাছে জড়ো হচ্ছেন। দুতলা মসজিদের উপরের তলায় আগুন জ্বলছে।
ঐতিহাসিক এই মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকেই সামাজিক মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন। এই মসজিদে একসঙ্গে প্রায় ৭ হাজার মানুষ নামাজ আদায় করতে পারেন।

ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনার দাবি করেছে দমকল বাহিনী। জরুরি বিভাগের মুখপাত্র রবার্ট ম্যাকেনজি জানিয়েছেন, অগ্নিকাণ্ডে আশেপাশের আরও কিছু ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিভিন্ন সময় অনেক বিখ্যাত লোকজন এই মসজিদ পরিদর্শন করেছেন। বর্ণবাদ-বিরোধী বলিষ্ঠ কন্ঠস্বর নেলসন ম্যান্ডেলা, ব্রিটিশ গায়ক ইউসুফ ইসলাম, বক্সিং সুপারস্টার মোহাম্মদ আলি এই মসজিদ ঘুরে দেখেছেন।

বার্তা কক্ষ,২৫ আগস্ট ২০২০

করোনার ভয়কে জয় করলেন ১ কোটি ৬০ লাখ মানুষ

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রতিনিয়তই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। একই সাথে করোনার প্রকোপ থেকে সুস্থদের সংখ্যা ১ কোটি ৬০ লাখ ছাড়িয়েছে। করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়ার্ল্ডোমিটারে আজ সোমবার সকাল পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত করা হয়।

বাংলাদেশ সময় সোমবার সকাল ১০টা পর্যন্ত বিশ্বে ১ কোটি ৬০ লাখ ৮২ হাজার ১০৪ নতুন রোগটি থেকে মুক্তি পেয়েছেন। এরমধ্যে গত পাঁচ দিনেই সুস্থ হয়েছেন ১০ লাখ। আর বিশ্বব্যাপী মোট রোগীর সংখ্যা ২ কোটি ৩৫ লাখ ৮৪ হাজার ২৫৯ জন। মারা গেছেন ৮ লাখ ১২ হাজার ৫১৭ জন।

আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৫৮ লাখ ৭৪ হাজার ১৪৬ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৮০ হাজার ৬০৪ জন। সুস্থ ৩১ লাখ ৬৭ হাজার ৬৩ জন। দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে ১ লাখ ১৪ হাজার ৭৭২ জনের প্রাণ গেছে কভিড-১৯ রোগে। দেশটিতে মোট আক্রান্ত ৩৬ লাখ ৫ হাজার ৭৮৩ জন।

তিন নম্বরে থাকা ভারতে প্রায় প্রতিদিন রোগী বাড়ছে। দেশটিতে মোট ৩১ লাখ ৫ হাজার ১৮৫ জন কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, মৃত্যু ৫৭ হাজার ৬৯২ জনের। রাশিয়ায় এখন পর্যন্ত ৯ লাখ ৫৬ হাজার ৭৪৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৬ হাজার ৩৮৩ জন। পাঁচ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকায় ৬ লাখ ৯ হাজার ৭৭৩ জন শনাক্ত হয়েছেন। দেশটিতে মারা গেছেন ১৩ হাজার ৫৯ জন। আর মেক্সিকোয় ৫ লাখ ৬০ হাজার রোগী শনাক্ত হলেও মৃত্যুতে অনেক উপরে দেশটি। এখন পর্যন্ত দেশটিতে ৬০ হাজার ৪৮০ জন মারা গেছেন।করোনাভাইরাসে এত আক্রান্ত ও মৃত্যুর মধ্যেও আশা দেখাচ্ছে যে চিকিৎসা নিয়ে অনেকেই বাড়ি ফিরছেন।

বার্তাকক্ষ, ২৪ আগস্ট ২০২০
কে.এইচ

কর্মীদের ৩০ আগস্ট থেকে সৌদিতে কর্মস্থলে ফেরার নির্দেশ

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে আগামী ৩০ আগস্ট থেকে দেশটির সব অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে ফেরার নির্দেশ দেয়া হয়েছে। সৌদি সরকারের মানবসম্পদ ও সামাজিক উন্নয়নবিষয়ক মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

জানানো হয়েছে, কর্মস্থলে সবাইকে স্বাস্থবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কর্মস্থলে ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি স্থগিত থাকবে। এছাড়া সবাই এক সঙ্গে কাজ করার বদলে ধাপে ধাপে শিডিউল করে উপস্থিত হবেন।

এ সিদ্ধান্তটি নেয়া হয়েছে সৌদি আরবের বিভিন্ন নগরের স্বাস্থ্য সূচকের আলোকে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবরোধে বেশ কয়েকমাস ধরে কর্মকর্তারা ঘরে থেকে অনলাইনে অফিসের কাজ করছিলেন। এখন পর্যন্ত মারা গেছে ৩ হাজার ৫৪৮ জন।

২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৩৮৫ জন। সুস্থ হয়েছেন ২ লাখ ৭৫ হাজার ৪৭৬ জন। আজ নতুন করে ১ হাজার ২৮৭ জন করোনা রোগী শনাক্ত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন পর্যন্ত সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৩ হাজার ৯৭৩ জন। চিকিৎসাধীন ২৪ হাজার ৯৪৯ জন। গুরুতর ১ হাজার ৬৮২ জন।

বার্তা কক্ষ , ২৪ আগস্ট ২০২০

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ফ্রেডি ব্লম আর নেই

বিশ্বে সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে বিবেচিত দক্ষিণ আফ্রিকার নাগরিক ফ্রেডি ব্লম মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ১১৬ বছর।ব্লমের পরিবার জানিয়েছে, শনিবার কেইপ টাউনে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

ব্লমের পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, ১৯০৪ সালের মে মাসে ইস্টার্ন কেইপ প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তবে গিনেজ বুক অব ওয়াল্ড রেকর্ডস কখনোই বিষয়টি সত্যায়িত করেনি।

১৯১৮ সালে ব্লমের বয়স যখন ১৪ বছর, তখন স্পেনিশ ফ্লু মহামারীতে তার পরিবারের অন্য সব সদস্যের মৃত্যু হয়। ব্লম দুই দুইটি বিশ্বযুদ্ধ ও দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ পরিস্থিতির মোকাবিলা করেও দীর্ঘজীবন পার করেছেন।

পরিবারের মুখপাত্র ও ব্লমের নাতি আন্দ্রে নাইডু বলেন, দুই সপ্তাহ আগেও দাদা কাঠ কাটতেন। তিনি শক্তিশালী একজন মানুষ ছিলেন।

কিন্তু তার দাদা কিছুদিনের মধ্যেই বড় একজন ব্যক্তি থেকে সঙ্কুচিত হয়ে ছোট একজন মানুষে পরিণত হয়েছিলেন বলে জানান তিনি।

নাইডু জানিয়েছেন, তাদের পরিবারের বিশ্বাস তার দাদার মৃত্যুর সঙ্গে করোনা ভাইরাসের কোনো সম্পর্ক ছিল না।

জীবনের বেশিরভাগ সময় ব্লম শ্রমিক হিসেবে কাজ করেছেন। প্রথমে কৃষি শ্রমিক ছিলেন পরে নির্মাণ শিল্প শ্রমিক হিসেবে কাজ করেছেন। বয়স ৮০ পেরনোর পরই কেবল তিনি অবসরে গিয়েছিলেন।

বার্তাকক্ষ,২৩ আগস্ট ২০২০

করোনার দাপটে কোণঠাসা ভারত

করোনাভাইরাসের দাপটে কোণঠাসা প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এরই মধ্যে শনাক্ত রোগীর সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে। একই সময়ে দেশটিতে করোনায় ৫৬ হাজার ৭৯২ জনের মৃত্যু হয়েছে।

রোববার ভারতের কেন্দ্রীয় সরকারের দেয়া পরিসংখ্যানে বলা হয়েছে– কোভিড ১৯-এ ভারতে এ পর্যন্ত মোট আক্রান্ত ৩০ লাখ ৪৪ হাজার ৯৪০ জন। মোট সংক্রমণের দিক থেকে এ মুহূর্তে গোটা বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।

তবে আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থতার হার বেশি দেশটিতে। করোনা রোগীদের মধ্যে ২২ লাখ ৮০ হাজার ৫৬৬ জন ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। সুস্থতার হার ৭৪ দশমিক ৯০ শতাংশ।

একদিনে সর্বোচ্চ সংক্রমণ ধরা পড়েছে শনিবার। গতকাল দেশটিতে নতুন করে ৬৯ হাজার ৮৭৮ জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হন। গত ২৪ ঘণ্টায় তা সামান্য কমে হয়েছে ৬৯ হাজার ২৩৯। পর পর দুদিন দৈনিক সংক্রমণ ৭০ হাজারের কাছাকাছি থাকায় উদ্বেগে দেশবাসী।

দৈনিক সংক্রমণের নিরিখে এ মুহূর্তে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের চেয়েও এগিয়ে ভারত। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৪৫ হাজার ৮৭৩ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। ব্রাজিলে নতুন করে সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৩২ জন।

এ মুহূর্তে সংক্রমণের দিক থেকে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। যুক্তরাষ্ট্রে সব মিলিয়ে ৫৬ লাখ ৬৭ হাজার ১৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ব্রাজিলে মোট আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ৮২ হাজার ৩৬২। সংক্রমণ এই হারে বাড়তে থাকলে ব্রাজিলকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে যেতে ভারতের বেশি সময় লাগবে না।

বার্তা কক্ষ, ২৩ আগস্ট ২০২০