Home / আন্তর্জাতিক

আন্তর্জাতিক

নিউজিল্যান্ড পুলিশে প্রথম হিজাব পরা নারী

নিউজিল্যান্ড পুলিশ বাহিনীর প্রথম হিজাবি নারী কর্মকর্তা জাইনা আলী। সম্প্রতি তিনি দেশটির পুলিশ বাহিনীতে যোগদান করেছেন।ফিজি বংশোদ্ভূত ওয়েলিংটনের বাসিন্দা ৩০ বছর বয়সী এই মুসলিম নারী এখন ইতিহাসের অংশ। খবর নিউজিল্যান্ড হ্যারাল্ডের।

জাইনা আলী বলেন, আমার অনেক ভালো লাগছে এটি ভেবে যে, নিউজিল্যান্ডের পুলিশ ইউনিফরম পরে আমি সমাজসেবা করব এবং এর সঙ্গে আমি হিজাবও ব্যবহার করতে পারব।

আমি মনে করি, পুলিশ বাহিনীতে হিজাব অনুমোদনের পর মুসলিম নারীরা পুলিশ বাহিনীতে যোগদানের জন্য আগ্রহ পোষণ করবেন।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার সময় জাইনা আলী একটি বেসরকারি সংস্থার গ্রাহকসেবা বিভাগে কর্মরত ছিলেন। ওই ঘটনার পর তিনি দেশের মুসলিম সম্প্রদায়ের সহায়তা করার জন্য পুলিশ বাহিনীতে যোগদানের সিদ্ধান্ত নেন।

পুলিশ কলেজ থেকে স্নাতক শেষ করে এ বাহিনীর নকশাকৃত ও অনুমোদিত হেডস্কার্ফ পরিধান করে পুলিশে যোগদান করেন।

দেশটির সংখ্যালঘু মুসলমানদের সহায়তার উদ্দেশ্যে নিয়োগপ্রাপ্তদের মধ্যে জাইনা আলী সে দেশের পুলিশ বাহিনীর প্রথম হিজাবি নারী অফিসার।

মসজিদে সন্ত্রাসী হামলার বিষয়টি উল্লেখ করে জাইনা আলী বলেন, আরও আগে যদি পুলিশ বাহিনীতে অংশগ্রহণ করতাম, তা হলে ওই ঘটনায় হতাহত মুসলমানদের সহায়তা করতে পারতাম।

নিউজিল্যান্ডের পুলিশ প্রশাসন ঘোষণা করেছে, তাদের বাহিনীতে দক্ষতাসম্পন্ন সদস্য এবং বিভিন্ন জাতি ও ধর্মের অনুসারীদের প্রয়োজন। দেশের সংখ্যালঘুদের অধিকতর সেবা প্রদানের জন্য পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে বৈচিত্র্য অপরিহার্য।

এর আগে নিউজিল্যান্ড পুলিশ প্রথমবারের মতো তাদের সরকারি ইউনিফরমে হিজাব অন্তর্ভুক্ত করে। তাদের যুক্তি, এটি মুসলিম নারীদের মানসিকতাকে আরও শক্তিশালী করবে।

বার্তাকক্ষ,১৮ নভেম্বর,২০২০;

সৌদির সাহসিকতার পরিচয় চায় : ইরান

‘সৌদি আরব যদি পরমাণু বোমা বানানোর পরিকল্পনা করে থাকে কিংবা নিজের গোপন পরমাণু কর্মসূচির ব্যাপারে আইএইএ’কে সহযোগিতা না করার জন্য অজুহাত খুঁজতে থাকে তাহলে তাকে সাহস দেখাতে হবে এবং এর জন্য মূল্য পরিশোধ করতে হবে। ’

সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়েরের সাম্প্রতিক ইরানবিরোধী এক বক্তব্যের জবাব দিতে গিয়ে ভিয়েনায় জাতিসংঘের দফতরে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সৌদি আরবের পরমাণু বোমা বানানোর অভিপ্রায় থাকলে প্রকাশ্যে ঘোষণা দিয়ে এ কাজ শুরু করুক।

ইরানের এই অভিজ্ঞ কূটনীতিক মঙ্গলবার সন্ধ্যায় নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে আরও বলেন, নিজের অপরাধ থেকে অন্যের দৃষ্টিকে দূরে সরিয়ে রাখা এবং ভীতি ছড়িয়ে দেওয়া হচ্ছে বিশ্বজনমতকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে প্রতারকদের দু’টি গুরুত্বপূর্ণ কৌশল।

গরিবাবাদি আল-জুবায়েরকে উদ্দেশ্য করে আরও বলেন, নিজের অপরাধী কার্যকলাপের দায় অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করবেন না।

সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, যদি ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা না হয় তাহলে নিজেকে পরমাণু বোমায় সজ্জিত করার অধিকার সৌদি আরব সংরক্ষণ করবে।

সৌদি কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও আমেরিকার পদাঙ্ক অনুসরণ করে ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচিকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। রিয়াদ এমন সময় এ উদ্যোগ নিয়েছে, যখন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ এখন পর্যন্ত তার সবগুলো প্রতিবেদনে ইরানের পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে স্বীকার করেছে।

বার্তাকক্ষ,১৮ নভেম্বর,২০২০;

‘ট্রাম্পের কারণে’ আরো বহু মানুষ মরতে পারে: বাইডেন

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প আসন্ন সরকার গঠনে সহযোগিতা না করলে আরও বহু মানুষের মৃত্যু হতে পারে। সোমবার ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটন শহর থেকে এক ভাষণে এমন মন্তব্য করেন বাইডেন।

ভাষণে বাইডেন আরো বলেন, করোনাভাইরাস মহামারি মোকাবেলায় সমন্বয় দরকার। সেইসঙ্গে ট্রাম্পের পরাজয় মানার অস্বীকৃতিকে ‘চরম দায়িত্বজ্ঞানহীন’ আখ্যায়িত করেন তিনি।

ওদিকে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ‘এটা কোনো খেলা নয়’।

যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ সম্পর্কিত প্রক্রিয়া যে প্রতিষ্ঠান করে থাকে সেই দি জেনারেল সার্ভিস এডমিনিস্ট্রেশন (জিএসএ) এখনো জো বাইডেন ও কমলা হ্যারিসের জয়কে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। ফলে তারা এখনো স্পর্শকাতর তথ্য বা গোয়েন্দা ব্রিফিং পেতে শুরু করেননি।

বাইডেনের সহকারীরা বলেছেন, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় মিস্টার ট্রাম্পের অংশগ্রহণে অস্বীকৃতির কারণে করোনাভাইরাসের টিকা বিতরণ কৌশল নিয়ে পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়ায় বাইডেনের টিম অংশ নিতে পারছেনা।

সোমবার তার বক্তৃতায় বাইডেন সতর্ক করে বলেছেন, আমরা সমন্বয় না করলে আরো মানুষ মারা যেতে পারে।

দেশজুড়ে টিকা বিতরণকে একটি বড় কর্মযজ্ঞ আখ্যায়িত করে তিনি বলেন, যদি তার প্রশাসনকে শপথ গ্রহণ পর্যন্ত অপেক্ষা করতে হয় এবং ততদিন যদি এই বিতরণ কর্মসূচি শুরু হতে না পারে তাহলে তারা অন্তত এক মাস পিছিয়ে যাবেন। বিবিসি

বার্তা কক্ষ,১৭ নভেম্বর ২০২০

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে ৫ কোটি ছাড়াল

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে ৫ কোটি ছাড়িয়েছে। পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য বলছে, ১৭ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৭টা নাগাদ বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৫ কোটি ৫৩ লাখ ৩১ হাজার ৭৪ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, একই সময় বিশ্বে করোনায় মোট মারা গেছে ১৩ লাখ ৩১ হাজার ৬৫০ জন। এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৩ কোটি ৮৪ লাখ ৬৪ হাজার ৩৭০ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৫ লাখ ৩৩ হাজার ১০৫ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৫২ হাজার ৬৩০ জন।

আরও পড়ুন- বাংলাদেশি হ্যাকারদের ভয়ে ফ্রান্সে সতর্কতা জারি

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮৮ লাখ ৭৩ হাজার ৯৯০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৩০ হাজার ৫৫২ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৫৮ লাখ ৭৬ হাজার ৭৪০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৬৬ হাজার ৬৭ জন।

তালিকায় ফ্রান্সের অবস্থান চতুর্থ। রাশিয়া পঞ্চম। স্পেন ষষ্ঠ। যুক্তরাজ্য সপ্তম। আর্জেন্টিনা অষ্টম। কলম্বিয়া নবম। ইতালি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৪তম।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় চলতি বছরের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি।

চলতি বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে। বর্তমানে সেটি সাড়ে ৫ কোটি ছাড়িয়ে গেছে।

করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে। ১১ ফেব্রুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগের নামকরণ করে ‘কোভিড-১৯ ’।

স্টাফ করেসপন্ডেন্ট, ১৭ নভেম্বর ২০২০

কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আর নেই

বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা, নাট্যকার, বাচিকশিল্পী, কবি, চিত্রকর সৌমিত্র চট্টোপাধ্যায় আর নেই। আজ রবিবার স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়। ৮৬ বছরে শেষ হল সৌমিত্র চট্টোপাধ্যায়ের কর্মময় পথচলা।

গত শুক্রবার থেকে সৌমিত্রর শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি ঘটতে থাকে। হৃদযন্ত্র আর কিডনির জটিলতা অনেকটা বেড়ে যায়। বেড়ে যায় ‘হার্ট রেট’। বাড়তে থাকে স্নায়ুবিক সমস্যাও। প্রবলভাবে ওঠানামা করতে থাকে অক্সিজেনের মাত্রা। শনিবার বিকেলে চিকিৎসকরা জানিয়ে দেন, অলৌকিক কিছু না ঘটলে সৌমিত্রের সুস্থ হয়ে ওঠা অসম্ভব।

গত ৬ অক্টোবর কোভিড আক্রান্ত হয়ে কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি হন সৌমিত্র। তিন দিনের মধ্যেই অবস্থার অবনতির কারণে তাকে আইটিইউয়ে রাখতে হয়েছিল। ১৫ অক্টোবর কোভিড নেগেটিভ রিপোর্ট আসে। ক্রমশ অবস্থার উন্নতিও হচ্ছিল। কিন্তু অন্যান্য বহু শারীরিক সমস্যায় জর্জরিত ছিলেন। বস্তুত, তিনি একটা সময়ে ক্যান্সারেও আক্রান্ত হয়েছিলেন। সেই অসুস্থতা স্বভাবতই তাকে পুরোপুরি ছেড়ে যায়নি। ফলে কখনও উন্নতি কখনও অবনতি, এই দোলাচলেই চলছিল হাসপাতাল-বন্দি সৌমিত্রর জীবন ।

বার্তাকক্ষ,১৫ নভেম্বর,২০২০;

এথেন্সে প্রথম মসজিদ চালু

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গ্রিসের রাজধানী এথেন্সে আনুষ্ঠানিকভাবে প্রথম মসজিদের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে মসজিদের কার্যক্রম শুরু হয়।

তবে সেকেন্ড ওয়েভে ইউরোপের অন্যান্য দেশের মতো গ্রিসেও করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নিরাপদ সামাজিক দূরত্ব ও কঠোর স্বাস্থ্যবিধির মধ্য দিয়ে আপাতত স্বল্পসংখ্যক মুসল্লির উপস্থিতিতে এ মসজিদের কার্যক্রম শুরু করা হয়।

গ্রিসে বসবাসরত ইসলাম ধর্মাবলম্বী মানুষের একটা বড় অংশ তুর্কি ও আলবেনিয়ান বংশোদ্ভূত। এছাড়াও বেশ কিছুসংখ্যক গ্রিকভাষী মানুষ রয়েছেন যারা জন্মগতভাবে মুসলিম। গ্রিসের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত থ্রেস দেশটির সর্ববৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল এবং গোটা ইউরোপের মধ্যে থ্রেসই একমাত্র অঞ্চল যেখানে শরীয়াহ আইন চালু রয়েছে।

মূলত তুরস্কের অটোমান সাম্রাজ্যের হাত ধরে গ্রিসে ইসলামের বিস্তৃতি ঘটে। ১৮২১ সালে এথেন্সসহ বর্তমান গ্রিসের বেশ কিছু অঞ্চল অটোমান শাসন থেকে নিজেদের মুক্ত করার জন্য স্বাধীনতার আন্দোলনের ডাক দেয়। অবশেষে ১৮২২ সালে প্রতিষ্ঠিত হয় প্রথম হেলেনিক প্রজাতন্ত্র; যার রাজধানী হিসেবে নির্বাচিত করা হয় এথেন্সকে। ১৮৩৩ সাল থেকে তদান্তীন হেলেনিক প্রজাতন্ত্রের সরকারের অর্থায়নে এথেন্সে একটি মসজিদ নির্মাণের প্রচেষ্টা চালিয়ে আসছিলেন এ অঞ্চলে বসবাস করা মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা। এমনকি ১৮৯০ সালে সরকারিভাবে এথেন্সে মসজিদ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। তবে বিভিন্ন সময়ে দেশটির অতি ডানপন্থী ও রক্ষণশীল রাজনৈতিক জোটগুলোর তীব্র বিরোধিতা, বিভিন্ন ধরনের আমলাতান্ত্রিক জটিলতা, অর্থোডক্স চার্চগুলোর বাধা এবং আর্থিক অনটনের মাঝে সুদীর্ঘকাল সেখানে মসজিদ নির্মাণের বিষয়টি আলোর মুখ দেখেনি।

গ্রিসের সঙ্গে তুরস্কের রাজনৈতিক বৈরিতা দীর্ঘদিনের। এ কারণে গ্রিসের অনেক সাধারণ মানুষও এতদিন পর্যন্ত এথেন্সে মসজিদ নির্মাণের বিষয়ে প্রতিবাদ জানিয়ে আসছিল। তাদের অনেকের মতে গ্রিসে নতুন করে কোনো মসজিদ নির্মাণ করার অর্থ পুনরায় দেশটিতে অটোমান সাম্রাজ্যের ইতিহাসের পুনর্জাগরণ ঘটানো। উল্লেখ্য, ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর মাঝে এতদিন পর্যন্ত এথেন্স ছিল একমাত্র রাজধানী শহর যেখানে সরকারিভাবে কোনো মসজিদ ছিল না।

গ্রিক সরকারের অর্থায়নে নির্মিত এ মসজিদটি তৈরি করতে আনুমানিক ৮,৮৭,০০০ ইউরো খরচ হয়েছে। ২০১৬ সালে চূড়ান্তভাবে এ মসজিদের নির্মাণকাজ শুরু করা হয় এবং ২০১৭ সালে এর নির্মাণকাজ শেষ হয়। গ্রিসের শিক্ষা ও ধর্ম বিষয়ক মন্ত্রী কোস্তাস গাভ্রোগলু গত সপ্তাহে এক রেডিও সাক্ষাৎকারে জানিয়েছেন এ মসজিদে একসঙ্গে ৩৫০ জন মানুষ নামাজ আদায় করতে পারবেন। প্রাথমিকভাবে এ মসজিদের নাম রাখা হয়েছে ভোতানিকোস মসজিদ।

এথেন্সের হার্টখ্যাত সিনতাগমা স্কয়ার থেকে প্রায় চার কিলোমিটার উত্তর-পশ্চিমে নৌবাহিনীর একটি পরিত্যক্ত ঘাঁটির ওপর নির্মাণ করা হয়েছে এ মসজিদ। তবে গতানুগতিক মসজিদগুলো থেকে কিছুটা ভিন্ন হওয়ায় বিশেষত কোনো ধরনের মিনার বা গম্বুজ না থাকায় অসন্তোষ জানিয়েছেন দেশটিতে বসবাসরত মুসলিম জনগোষ্ঠীর অনেকে।

বার্তাকক্ষ,১৪ নভেম্বর,২০২০;

বাইডেনের ৩০৬ ইলেকটোরাল ভোট, ট্রাম্পের ২৩২

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সব অঙ্গরাজ্যের ফল ঘোষণা করেছে। স্থানীয় সময় শুক্রবার বিকালে ঘোষিত এই ফলাফলে দেখা যাচ্ছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ৩০৬ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে নিজের অবস্থানকে সুসংহত করেছেন।

অন্যদিকে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২ ইলেকটোরাল ভোট। খবর বিবিসির।

এটি হচ্ছে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক উল্টো ফলাফল। ওই বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ৩০৬ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।

অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রাথী হিলারি ক্লিন্টন পেয়েছিলেন ২৩২ ভোট।

শুক্রবারের আগ পর্যন্ত বাইডেনের ইলেকটোরাল ভোট সংখ্যা ছিল ২৯০ এবং ট্রাম্পের ২১৭। শুক্রবার অ্যারিজোনা, জর্জিয়া ও নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের ফল ঘোষিত হয়।

অ্যারিজোনা ও জর্জিয়া অঙ্গরাজ্যে জো বাইডেন বেশি পপুলার ভোট পাওয়ায় ওই দুই অঙ্গরাজ্যের ২৭ ইলেকটোলার কলেজ ভোট তার ঝুলিতে জমা পড়ে।

ফলে তার ভোট সংখ্যা দাঁড়ায় ৩০৬। অন্যদিকে নর্থ ক্যারোলিনার ১৫ ভোট নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প মোট ২৩২ ইলেটোরাল ভোট ঘরে তুলতে সক্ষম হন।

জর্জিয়া রাজ্যে দুই প্রার্থীর ভোট খুব কাছাকাছি থাকায় এর আগে বলা হয়েছিল, সেখানকার ভোট আবার গণনা করা হবে। কিন্তু শুক্রবার রাজ্যের নির্বাচনী কর্মকর্তারা ঘোষণা করেন, আরেকবার গণনা করা হলেও এই পরিসংখ্যানে কোনো পরিবর্তন আসবে না।

এই রাজ্যে বাইডেনের জয়ের ফলে ১৯৯২ সালের পর এই প্রথম কোনো ডেমোক্র্যাট প্রার্থী জর্জিয়ায় বিজয়ী হলেন।

এদিকে ট্রাম্প যথারীতি এই ফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে তার সমর্থকদের রাজপথে বিক্ষোভ দেখানোর আহ্বান জানিয়েছেন।

ট্রাম্প এবারের নির্বাচনে আগে থেকে কারচুপির আশঙ্কা প্রকাশ করে বহুবার বক্তব্য দিয়েছেন এবং ফল ঘোষণা শুরু হওয়ার পর একই অভিযোগের পুনরাবৃত্তি করে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়েছেন।

ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বক্তব্যে দাবি করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প আবার ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন। কিন্তু শুক্রবারের চূড়ান্ত ফল ঘোষিত হওয়ার পর এখন ট্রাম্প প্রশাসনের পক্ষে একই দাবি করে যাওয়া অসম্ভব হবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

বার্তা কক্ষ,১৪ নভেম্বর ২০২০

প্রায় ১৩ লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনা

বিশ্বজুড়ে ভয়াবহ সঙ্কট তৈরি করেছে প্রাণঘাতী করোনাভাইরাস। বিভিন্ন দেশের অর্থনীতিতে ধস নেমে এসেছে, কর্মহীন হয়ে পড়েছে বহু মানুষ। লাখ লাখ মানুষের জীবন নিয়েও ক্ষান্ত হচ্ছে না এই ভাইরাস।

ইতোমধ্যেই বিশ্বের প্রায় ১৩ লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে ৫ কোটি ৩০ লাখ ৯০ হাজার ৭৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছে।

প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছে ১২ লাখ ৯৯ হাজার ৪শ জন। অপরদিকে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৩ কোটি ৭২ লাখ ১০ হাজার ৪০৬ জন।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। তারপর থেকেই বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত ২১৩টি দেশ ও অঞ্চলে এই ভাইরাস প্রকোপ বিস্তার করেছে।

এখন পর্যন্ত করোনা সংক্রমণে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ১ কোটি ৮ লাখ ৭৩ হাজার ৯৩৬ জন। এর মধ্যে মারা গেছে ২ লাখ ৪৮ হাজার ৫৮৫ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে ৬৭ লাখ ২৮ হাজার ১২০ জন।

করোনা সংক্রমণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৮৭ লাখ ২৭ হাজার ৯শ। এর মধ্যে মারা গেছে ১ লাখ ২৮ হাজার ৬৮৬ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে ৮১ লাখ ১৩ হাজার ৩৪৫ জন।

এদিকে লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে করোনা সংক্রমণ ও মৃত্যুতে এগিয়ে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৫৭ লাখ ৮৩ হাজার ৬৪৭ জন। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৬৪ হাজার ৩৩২ জন। দেশটিতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৫২ লাখ ৫৬ হাজার ৭৬৭ জন।

ফ্রান্সে করোনায় আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৯৮ হাজার ৭১০। এর মধ্যে মারা গেছে ৪২ হাজার ৯৬০ জন। দেশটিতে এর মধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ৩৪ হাজার ৯৫৪।

রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৮ লাখ ৫৮ হাজার ৫৬৮ জন। এর মধ্যে মারা গেছে ৩২ হাজার ৩২ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে ১৩ লাখ ৮৮ হাজার ১৬৮ জন।

স্পেনে করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৮৪ হাজার ৮৬৮ জন। এর মধ্যে মারা গেছে ৪০ হাজার ৪৬১ জন। যুক্তরাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৯০ হাজার ১৯৫ জন। এর মধ্যে মারা গেছে ৫০ হাজার ৯২৮ জন।

বার্তা কক্ষ,১৩ নভেম্বর ২০২০

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৭৪ শরণার্থীর মৃত্যু

লিবিয়া উপকূলে শরণার্থী বহনকারী একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ৭৪ জনের মৃত্যু হয়েছে। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অরগানাইজেশন অব মাইগ্রেশন (আইওএম)এ তথ্য নিশ্চিত করেছে। ওই নৌকাটিতে ১২০ জনের বেশি যাত্রী বহন করা হয়েছিল। খবর আলজাজিরা ও এনডিটিভির।

আইওএম এক বিবৃতিতে জানিয়েছে, খোমস উপকূলে নৌকা ডুবে কমপক্ষে ৭৪ শরণার্থী প্রাণ হারিয়েছেন। ওই দুর্ঘটনাকে বিধ্বংসী বলে উল্লেখ করা হয়েছে।

আইওএম আরও জানিয়েছে, জেলে ও উদ্ধারকর্মীরা নৌকাডুবির ঘটনায় ৪৭ জনকে জীবিত উদ্ধার করেছেন। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ৭৫ মাইল পশ্চিমে অবস্থিত বন্দরনগরী খোমস। চলতি বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত কমপক্ষে আটটি শরণার্থী বোঝাই নৌকা দুর্ঘটনার কবলে পড়েছে। ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে।

আইওএম জানিয়েছে, বৃহস্পতিবার দুর্ঘটনাকবলিত নৌকাটিতে ১২০ জনের বেশি যাত্রী ছিল। এর মধ্যে নারী ও শিশুও ছিল। ১ অক্টোবরের পর থেকে এ নিয়ে ভূমধ্যসাগরে আটবার নৌকাডুবির ঘটনা ঘটল।

এ ঘটনার দুদিন আগেই কেন্দ্রীয় ভূমধ্যসাগরে দুটি নৌকা উল্টে যাওয়ার ঘটনায় কমপক্ষে ১৯ জন ডুবে মারা যান। এদের মধ্যে দুই শিশুও ছিল। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা জানিয়েছে, গত সাত বছরে ২০ হাজারের বেশি শরণার্থীর মৃত্যু হয়েছে।

চলতি বছর বিভিন্ন দেশ থেকে ইউরোপে শরণার্থীদের ঢল বেড়ে গেছে। উন্নত জীবনের আশায় অনেকেই বিপজ্জনক পথ পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশের চেষ্টা করে থাকে। সাম্প্রতিক সময়ে লিবিয়া এবং প্রতিবেশী তিউনিশিয়া থেকে বেশিসংখ্যক শরণার্থী ইউরোপে পাড়ি জমাচ্ছেন।

বার্তা কক্ষ,১৩ নভেম্বর ২০২০

শর্তসাপেক্ষে মালয়েশিয়া অবৈধ অভিবাসীদের বৈধতা দেয়ার ঘোষণা

শর্তসাপেক্ষে অবৈধ অভিবাসীদের বৈধতা দেয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। বৃহস্পতিবার (১২ নভেম্বর) মন্ত্রণালয়ের এক বিশেষ বৈঠক শেষে সাংবাদিকদের এমনটিই জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ বিন জায়নুদ্দিন।

বৈঠকে উপস্থিত ছিলেন দেশটির মানব সম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান। স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বৈধকরণ প্রক্রিয়া আগামী সোমবার (১৬ নভেম্বর) থেকে শুরু করে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত চলবে এ প্রক্রিয়া।

এ প্রক্রিয়া ইমিগ্রেশন বিভাগ, মালয়েশিয়ার শ্রম বিভাগ এবং অন্যান্য সরকারি সংস্থা বাস্তবায়ন করবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।

উল্লেখ্য, রি-হিয়ারিং প্রোগ্রাম শেষ হওয়ার পরপরই বাংলাদেশের তৎকালীন হাইকমিশনার মুহা. শহীদুল ইসলাম বাদ পড়া এবং প্রতারিত অবৈধ কর্মীদের বৈধতা প্রদানের প্রস্তাব দেন মালয়েশিয়া সরকারের কাছে।

এ নিয়ে তিনি বিভিন্ন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন এবং কুয়ালালামপুর ত্যাগের আগেও মালয়েশিয়া সরকারের সাথে বৈঠক করেন। তিনি জানিয়েছিলেন, মালয়েশিয়া সরকার বৈধতা দেবে।

বার্তা কক্ষ,১২ নভেম্বর ২০২০