Home / আন্তর্জাতিক

আন্তর্জাতিক

ভারতে করোনা শনাক্তের রেকর্ড

ভারতে একদিনে করোনাভাইরাস সংক্রমণের নতুন রেকর্ড তৈরি হয়েছে। জন হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্যানুসারে, সে দেশে গত ২৪ ঘণ্টায় এক লাখ ২৬ হাজার সাতশ ৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ছয়শ ৮৫ জন।

ভারতে এর আগে একদিনে করোনায় আক্রান্ত হওয়ার সর্বোচ্চ সংখ্যা ছিল এক লাখ তিন হাজার আটশ ৪৪ জন। গত ৫ এপ্রিল সেটি ঘটেছে। এবার আগের সব রেকর্ড ভেঙে গেল।

ভারতে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৯ শতাংশ এবং মারা যাওয়ার হার এক শতাংশ। সে দেশে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত অবস্থায় রয়েছে ৯ লাখ ১০ হাজার দু’শ ৮৯ জন। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছে এক কোটি ১৮ লাখ ১১ হাজার তিনশ ৯৩ জন।

বর্তমানে আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে আট হাজার নয়শ ৪৪ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল। জানা গেছে, মহারাষ্ট্রে করোনা সংক্রমণ সবচেয়ে বেশি।

ঢাকা চীফ ব্যুরো, ০৮ এপ্রিল,২০২১;

এক বাংলাদেশির জন্য কাঁদছে আয়ারল্যান্ড, আর্থিক তহবিল সংগ্রহ:ডাবলিনে

আয়ারল্যান্ডের ডাবলিনে ছিনতাইকারী ধরতে গিয়ে মারা যাওয়া বাংলাদেশি দোকানদার আকরাম হোসেনের পরিবারের পাশে দাঁড়াতে তহবিল সংগ্রহ করছেন স্থানীয় মানুষেরা।

প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশে আকরাম হোসেনের বাড়ি বিক্রমপুরে। ঢাকার মিরপুরে তার পরিবারের বসবাস।

আকরাম ডাবলিনের ড্রামকন্ড্রা এলাকার ট্রেন স্টেশনের পাশে একটি সেনট্রা শপে কাজ করতেন। রবিবার সকালে এক ছিনতাইকারীকে ধাওয়া করার সময় তার হার্ট অ্যাটাক হয়।

ডাবলিনের সাধারণ মানুষের কাছে তুমুল জনপ্রিয় ছিলেন আকরাম। স্থানীয় সাধারণ মানুষ থেকে শুরু করে সাংবাদিকেরা পর্যন্ত তার মৃত্যুতে হাহাকার করছেন। শতশত বিদেশি তাকে নিয়ে ফেইসবুকে লিখেছেন।

মিরপুরে আকরামের ১৪ বছর বয়সী ছেলে আছে। সেখানে তার স্ত্রী, মা, বোন এবং ভাই থাকেন।

অনলাইনে তহবিল সংগ্রহের আইরিশ প্ল্যাটফর্ম আইডোনেটে একটি ক্যাম্পেইন চালু করেছেন স্থানীয়রা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় ২০ লাখ টাকা উঠেছে।

ক্যাম্পেইন পেজে আকরামকে ‘প্রিয় বন্ধু’ উল্লেখ করে লেখা হয়েছে, ‘আকরাম হোসেন আমাদের সবার প্রিয় বন্ধু ছিলেন। তার মর্মান্তিক মৃত্যুর পর পরিবারকে সাহায্য করতে এই তহবিল সংগ্রহ করা হচ্ছে।’

কিনিয়ান ব্রেনান নামের একজন সাংবাদিক ফেইসবুকে আকরামকে স্মরণ করে লিখেছেন, ‘রবিবার সকালে লোকটি মারা গেল। এক ছিনতাইকারীকে তাড়া করছিলেন উনি। অনেক দিন ধরে ওনাকে চিনি। অনেক ভদ্র মানুষ। এই এলাকার বাচ্চাদের কাছে খুব প্রিয়।’

ওলিভ সোয়ান নামের একজন ফেইসবুকে লিখেছেন, ‘আমার জন্ম ডাবলিনে। স্কুলে যেতে-আসতে এই দোকানে আকরামের সঙ্গে দেখা হতো। এত ভালো মানুষ বলে বোঝাতে পারব না।’

ওরলা গ্যানন নামের আরেকজন লিখেছেন, ‘আমি আকরামকে চিনতাম। অনেক মজার মানুষ ছিলেন। দোকানে গেলেই আমাকে প্রিসেন্স বলে ডাকতেন। বাচ্চাদের দেখলেই চকলেট, মিষ্টি উপহার দিতেন। ওনাকে ভুলতে পারব না।’

আকরাম কয়েক বছর অস্ট্রেলিয়ায়ও ছিলেন। সর্বশেষ ২০১৯ সালে ঢাকায় বেড়াতে আসেন।

ঢাকা চীফ ব্যুরো, ০৭ এপ্রিল,২০২১;

ভারতে সব রেকর্ড ভেঙে একদিনে ১ লাখ ১৫ হাজার করোনা আক্রান্ত

কোভিড-১৯ এ বিপর্যস্ত ভারত। মহামারির চলমান দ্বিতীয় ঢেউয়ে রোজ শয়ে শয়ে মানুষের মৃত্যু হচ্ছে দেশটিতে। আক্রান্ত হচ্ছেন অসংখ্য মানুষ। গত ২৪ ঘণ্টায় দক্ষিণ এশিয়ার দেশটিতে ১ লাখ ১৫ হাজার ২৪৯ জন আক্রান্ত হয়েছেন। এক বছরেরও বেশি সময় ধরে চলমান মহামারিতে দেশটিতে দৈনিক সংক্রমণের এটিই সবচেয়ে বড় পরিসংখ্যান। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় একদিনে সর্বোচ্চ ১ লাখ ৩ হাজার ৮৪৪ জন আক্রান্তের খবর দেয়। বুধবারের পরিসংখ্যান সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে।

এদিকে ওয়ার্ল্ডওমিটারসের বুধবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ লাখ ১৫ হাজারের বেশি শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬৩১ জন।

এ নিয়ে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটিতে করোনার মোট সংক্রমণ প্রায় ১ কোটি ২৮ লাখে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৬৬ হাজার ২০৮ জন।

গত ২৪ ঘণ্টায় ১২ লাখ ৮ হাজার ৩২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে ২৫ কোটি ১৪ লাখ ৪০ হাজার মানুষের নমুনা পরীক্ষা করা হলো।

টাইমস অব ইন্ডিয়া বলছে, ২৪ ঘণ্টায় ৬৩০ জনের মৃত্যু হয়েছে। যা গত ৪ মাসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। ৫ নভেম্বর এত বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

আন্তর্জাতিক ডেস্ক,৭ এপ্রিল ২০২১

বিশ্বে করোনায় মৃত্যু ২৮ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৩ কোটি ১৭ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৮ লাখ ৬০ হাজার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ১৭ লাখ ১৬ হাজার ৫৪ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৮ লাখ ৬০ হাজার ১০০ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ৭ কোটি ৪৭ লাখ ৬৯ হাজার ৬৬১ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। মঙ্গলবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭ লাখ ৮৪ হাজার ৫৯২ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৫ লাখ ৫৫ হাজার ৬০২ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্ত ও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩০ লাখ ১৩ হাজার ৬০১ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৩২ হাজার ৭৫২ জনের।

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো তৃতীয় স্থানে আছে। আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৪ নম্বরে। মেক্সিকোতে মঙ্গলবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২২ লাখ ৫১ হাজার ৭০৫ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৪ হাজার ৩৯৯ জনের।

আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে চতুর্থ স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৫ লাখ হাজার ৫০৯ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৬২৩ জনের।

মৃত্যুর দিক থেকে পঞ্চম ও আক্রান্ত বিবেচনায় ষষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাজ্য। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৭৬ হাজার ৬২৯ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৭ হাজার ১০৬ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৯২টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ঢাকা চীফ ব্যুরো, ০৬ এপ্রিল , ২০২১;

নাইজেরিয়ায় কারাগার পালাল ১৮৪৪ কারাবন্দি

নাইজেরিয়ার একটি কারাগার থেকে এক হাজার ৮০০ জনেরও বেশি বন্দি পালিয়ে গেছেন।

রকেটচালিত গ্রেনেড, মেশিনগান, বিস্ফোরক ও রাইফেল নিয়ে একদল অস্ত্রধারীর হামলার পর এমন ঘটনা ঘটেছে।মঙ্গলবার বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

দক্ষিণপশ্চিমাঞ্চলীয় শহর ওইরির কারাগারের প্রশাসনিক ব্লকে বিস্ফোরণ ঘটিয়ে কারাগারের প্রাঙ্গণে ঢুকে পড়েন হামলাকারীরা।

আফ্রিকান দেশটির সবচেয়ে বড় শহর লাগোস থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণে ওইরির অবস্থান।

সোমবার হামলার পর এক হাজার ৮৪৪ বন্দি পালিয়েছেন বলে বিবিসিকে নিশ্চিত করেছে নাইজেরীয় কারেকশনাল সার্ভিস।

হামলার জন্য নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী ইন্ডিজিনাস পিপল অব বিয়াফ্রাকে দায়ী করছে নাইজেরীয় পুলিশ।তবে এ ধরনের কোনো হামলার কথা অস্বীকার করেছে ওই গোষ্ঠীটি।

জানুয়ারি থেকেই নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলের বিভিন্ন পুলিশ স্টেশনে হামলার ঘটনা ঘটছে। এ সময় বিপুল গোলাবারুদ লুট করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
ঢাকা চীফ ব্যুরো, ০৬ এপ্রিল , ২০২১;

‘আমি নিজেকে ও আমার পরিবারকে হত্যা করেছি’

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অ্যালেন শহরের একটি বাড়ি থেকে একই পরিবারের ছয় বাংলাদেশির লাশ উদ্ধার করেছে পুলিশ। দুই ভাই পরিবারের চার সদস্যকে হত্যা করার পর তারা নিজেরাও আত্মহত্যা করেছে বলে ধারণা পুলিশের।

অ্যালেন পুলিশ জানিয়েছে, বড় ভাই তানভীর তৌহিদ (২১) ছোট দুই ভাই ফারহান তৌহিদ মানসিক বিষণ্নতায় ভুগছিল। তা থেকে মুক্তি পেতে তারা এই কাজ করেছেন বলে প্রাথমিকভাবে মন করা হচ্ছে।

হত্যাকাণ্ডের আগে ফারহান তৌহিদ ইনস্টাগ্রামে একটি দীর্ঘ ‘সুইসাইড নোট’ পোস্ট করেছেন। এতে তিনি লিখেছেন, ‘আমি নিজেকে ও আমার পরিবারকে হত্যা করেছি।’

নবম শ্রেণি থেকে মানসিক হতাশার বিরুদ্ধে কীভাবে লড়াই করেছেন ফারহান সে কথাও লিখেছেন। তার বড় ভাইও হতাশার সঙ্গে লড়াই করেছেন বলে জানিয়েছেন।

গত ফেব্রুয়ারি মাসে ইনস্টাগ্রাম পোস্টে ফারহান লেখেন, তার ভাই বলেছেন, ‘আমরা যদি এক বছরে সবকিছু ঠিক করতে না পারি, তবে আমরা নিজেদের ও পরিবারকে হত্যা করব।’

নিজেরা আত্মহত্যা করলে পরিবার লজ্জায় পড়বে। তাই লজ্জা ও কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য অন্যদের হত্যা করে নিজেদের আত্মহত্যার কথা সুইসাইড নোটে উল্লেখ রয়েছে বলে পুলিশের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যমে বলা হয়েছে।

সুইসাইড নোটে হত্যার পরিকল্পনার কথাও লেখা আছে।

পুলিশ জানিয়েছে, দুই ভাই ‘সুইসাইড নোট’ রেখে গেছেন। এই নোট থেকে মনে করা হচ্ছে, তারা হতাশায় ভুগছিলেন। পরিবারকে লজ্জা ও কষ্ট থকে মুক্তি দেওয়ার জন্য দুই ভাই সবাইকে হত্যা করে নিজেরা আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে সুইসাইড নোটে উল্লেখ রয়েছে।

ওই পরিবারের এক বন্ধুর কাছ থেকে ফোন পেয়ে ডালাস শহরতলির অ্যালেনের পাইন ব্লাফ ড্রাইভ এলাকার ওই বাড়িতে পুলিশ রাত ১টার দিকে তল্লাশির জন্য যায়। সেখানে গিয়ে একটি বাড়ির এক কক্ষে একইসঙ্গে বাবা-মা ও তিন সন্তানের লাশ পড়ে থাকতে দেখে। একটু দূরেই পড়েছিল তাদের দাদির লাশ।

নিহতরা হলেন- ১৯ বছর বয়সী যমজ ভাই-বোন ফারহান তৌহিদ ও ফারবিন তৌহিদ, বড় ভাই তানভীর তৌহিদ (২১), মা আইরিন ইসলাম (৫৬), বাবা তৌহিদুল ইসলাম (৫৪), তানভীর তৌহিদের নানি আলতাফুন্নেসা (৭৭)।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা স্থানীয় পুলিশের সার্জেন্ট জন ফেল্টি স্থানীয় সংবাদমাধ্যম দ্য ডালাস মর্নিং নিউজকে বলেন, ধারণা করা হচ্ছে, সাপ্তাহিক ছুটির দিন রোববার দুই ভাই পরিবারের অন্য সদস্যদের হত্যার পর নিজেরা আত্মহত্যা করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক,৬ এপ্রিল ২০২১

বাংলাদেশে ডি-৮ সম্মেলন আজ শুরু

আটটি মুসলিম রাষ্ট্রের সংগঠন ডি-৮ এর ৪ দিনব্যাপি ১০ম সম্মেলন শুরু হচ্ছে আজ (সোমবার)। বাংলাদেশের আয়োজনে সম্মেলনটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। দীর্ঘ ২২ বছর পর ঢাকার আয়োজনে সম্মেলনটির সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে,‘বৈশ্বিক রূপান্তরের জন্য অংশীদারিত্ব: যুব সম্প্রদায় ও প্রযুক্তি শক্তির মুক্তি’ প্রতিপাদ্যে ডি-৮ দেশের রাষ্ট্র বা সরকারপ্রধানরা সম্মেলনে বক্তব্য দেবেন। সম্মেলনটি সোমবার ৫ এপ্রিল থেকে শুরু হয়ে বৃহস্পতিবার ৮ এপ্রিল পর্যন্ত চলবে।

বাংলাদেশ ছাড়া জোটের অন্য দেশগুলো হলো মিশর, ইন্দোনেশিয়া,ইরান,মালয়েশিয়া,নাইজেরিয়া,পাকিস্তান ও তুরস্ক।

সম্প্রতি ডি-৮ সম্মেলন নিয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী মোমেন জানান, শীর্ষ সম্মেলনে বাণিজ্য,কৃষি ও খাদ্য নিরাপত্তা,শিল্প সহযোগিতা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প, পরিবহন, জ্বালানি ও খনিজ সম্পদ এবং পর্যটন-এ ছয়টি বিষয়ে আলোচনা হবে। এক্ষেত্রে ডি-৮ ভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধিসহ আন্তর্জাতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়ে সম্মিলিত নীতিগত অবস্থান গ্রহণ করা হবে।

এবারের সম্মেলনে বর্তমান সভাপতি তুরস্কের কাছ থেকে সভাপতির দায়িত্ব নেবে বাংলাদেশ। পরবর্তী দু’বছর এর মেয়াদ থাকবে। এরইমধ্যে শীর্ষ সম্মেলন উপলক্ষে d8dhaka.com নামে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। যেখানে আগামি দু’বছর, অর্থাৎ বাংলাদেশ সভাপতি থাকাকালীন সময়ের বিভিন্ন তথ্য প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ১৯৯৬ সালে উন্নয়নশীল আটটি মুসলিম দেশ নিয়ে ডি-৮ জোট গঠন করা হয়। গঠনের এক বছরের মাথায় ১৯৯৭ সালে জোটটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। ঐ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিয়েছিলেন। পরবর্তী ডি-৮ জোটের দ্বিতীয় সম্মেলন ১৯৯৯ সালে ঢাকায় আয়োজন করা হয়।

বার্তা কক্ষ , ৫ এপ্রিল ২০২১
এজি

ভারতে করোনায় দৈনিক সংক্রমণ লাখের পথে

করোনাভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউ ভারতে প্রকট আকার ধারণ করেছে। দেশটিতে দৈনিক সংক্রমণ লাখ ছোঁয়ার পথে। বেড়েছে মৃত্যুও।

ওয়ার্ল্ডো মিটারের রবিবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ৯২ হাজার ৯৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৫১৪ জন।

ভারতে করোনার মোট সংক্রমণ ১ কোটি ২৪ লাখ ৮৪ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৬৪ হাজার ৬৫৫ জন।

করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন। প্রচারণার অংশ হিসেবে হচ্ছে বিশাল বিশাল জনসমাবেশ। এতে করোনা সংক্রমণের প্রকোপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ প্রায় ১৩ কোটি সাড়ে ১৩ লাখে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছে ২৮ লাখ ৫৮ হাজার ৮৭৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ১০ কোটি ৫৭ লাখ ২৭ হাজার।

অন্যদিকে রাশিয়ায় করোনায় মৃত্যু এক লাখ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩৮৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে প্রায় নয় হাজার শনাক্তে মোট সংক্রমণ ৪৫ লাখ ৭২ হাজারে গিয়ে দাঁড়িয়েছে।

ঢাকা চীফ ব্যুরো, ০৪ এপ্রিল, ২০২১;

ওয়াশিংটনে ২৬ মার্চকে ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ২৬ মার্চকে ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা করা হয়েছে।শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস।

ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউসার ২৬ মার্চকে ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা করেন। তিনি বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ সরকার ও জনগণকে অভিনন্দন জানান।

মেয়র মুরিয়েল বাউসারের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ সোনার বাংলা রূপান্তরিত হয়েছে এবং রূপান্তরিত হচ্ছে।

সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক খাতে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার সম্পর্ক রয়েছে। ওয়াশিংটনে সাংস্কৃতিক বৈচিত্র্য বৃদ্ধিতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলেও উল্লেখ করা হয়েছে পত্রটিতে।

ঢাকা চীফ ব্যুরো, ০৩ মার্চ, ২০২১;

বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ২৮ লাখ ছাড়াল

নতুন স্ট্রেইনের ফলে দ্বিতীয় ঢেউয়ে বিশ্বে লাগামহীন প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ। সর্বশেষ তথ্য অনুযায়ী প্রাণহানির সংখ্যা সাড়ে ২৮ লাখ ছাড়িয়েছে।

পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারের শনিবার সকালের তথ্য অনুযায়ী, করোনার বৈশ্বিক সংক্রমণ দাঁড়িয়েছে ১৩ কোটি ৮ লাখ ৯ হাজার ৭৪০। আর মারা গেছে ২৮ লাখ ৫০ হাজার ৩৯৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ১০ কোটি ৫৩ লাখ ২ হাজার ২৭৮ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৩ লাখ ১৪ হাজার ৬২৫ জন। আর মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৭ হাজার ৬১০ জনের।

দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্ত হয়েছে ১ কোটি ২৯ লাখ ২ হাজার ৩৭৯ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ২৮ হাজার ৩৬৬ জনের।

এর পরেই আছে ভারত। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের ১ কোটি ২৩ লাখ ৯১ হাজার ১২৯ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬৪ হাজার ১৪১ জনের।চতুর্থ স্থানে উঠে আসা ফ্রান্সে মোট আক্রান্ত ৪৭ লাখ ৪১ হাজার ৭৫৯ জন এবং মৃত্যু হয়েছে ৯৬ হাজার ২৮০ জনের।

পরের অবস্থানে থাকা রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ৪৫ লাখ ৬৩ হাজার ৫৬ জন এবং মৃত্যু হয়েছে ৯৯ হাজার ৬৩৩ জনের।

তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, ইতালি সপ্তম, স্পেন অষ্টম, তুরস্ক নবম ও জার্মানি দশম স্থানে রয়েছে। আর বাংলাদেশের অবস্থান ৩৩তম।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে ধীরে ধীরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

বাংলাদেশে কোভিড-১৯ রোগে আক্রান্ত ব্যক্তির কথা প্রথম জানা যায় গত বছরের ৮ মার্চ এবং প্রথম মৃত্যু ঘটে ১৮ মার্চ।

শুক্রবার করোনা রোগী শনাক্তে দেশে নতুন রেকর্ড তৈরি হয়েছে। ২৯ হাজার ৩৩৯টি নমুনা পরীক্ষা করে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৮৩০ জন রোগী শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে মারা গেছেন ৫০ রোগী।মোট শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬ লাখ ২৪ হাজার ৫৯৪ জন এবং মারা গেছে ৯ হাজার ১৫৫ জন।

ঢাকা চীফ ব্যুরো, ০৩ মার্চ, ২০২১;