Home / খেলাধুলা / চাঁদপুরে আরামবাগ-ওয়ান্ডারার্সের ২-২ গোলে ড্র
আরামবাগ

চাঁদপুরে আরামবাগ-ওয়ান্ডারার্সের ২-২ গোলে ড্র

চাঁদপুর জেলা স্টেডিয়ামে গোলের উত্তেজনায় জমে উঠেছিল জাতীয় ফুটবল লিগের ম্যাচ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত জাতীয় ফুটবল লিগ ২০২৬-২৭-এর চাঁদপুর ভেন্যুর গ্রুপ পর্বের খেলায় আরামবাগ ক্রীড়া সংঘ ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ২-২ গোলে ড্র করেছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি আরামবাগ। অন্যদিকে, পিছিয়ে পড়েও সমতায় ফিরে লিগে নিজেদের প্রথম পয়েন্ট অর্জন করেছে ওয়ান্ডারার্স।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকদের উপভোগ্য ফুটবল উপহার দেয়। খেলার ১৪ মিনিটে ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল ওসির গোলে এগিয়ে যায় আরামবাগ ক্রীড়া সংঘ। তবে বেশিক্ষণ সেই ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। ২৩ মিনিটে রেদোয়ানের গোলে সমতায় ফেরে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। এরপর ৩০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে আরামবাগকে আবারও এগিয়ে নেন স্যামুয়েল ওসি। ফলে প্রথমার্ধ শেষ হয় ২-১ গোলের ব্যবধানে।

বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে আক্রমণ বাড়ায় ওয়ান্ডারার্স। দ্বিতীয়ার্ধের শুরুতেই, ৫০ মিনিটে প্রতিপক্ষের ফাউল থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে সমতাসূচক গোল করেন নেপালের মিডফিল্ডার যুবরাজ। শর্ট পাস থেকে পাওয়া বলে নিখুঁত প্লেসিং শটে আরামবাগের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। এতে ২-২ গোলে সমতায় ফেরে ঢাকা ওয়ান্ডারার্স।

এরপর দুই দলই জয়সূচক গোলের চেষ্টা চালালেও শেষ পর্যন্ত আর কোনো গোলের দেখা মেলেনি। ফলে ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে উভয় দল।

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত ম্যাচটি উপভোগ করতে জেলা স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক দর্শক। খেলাটি সরাসরি মাঠে বসে উপভোগ করেন স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকসহ ক্রীড়াপ্রেমীরা।

প্রতিবেদক: শরীফুল ইসলাম/
২৭ নভেম্বর ২০২৬