চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশের নিচে থাকা ৭৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষদের মঙ্গলবার (২৪ নভেম্বর) বোর্ডের জরুরি সভায় সশরীরে উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ।
বোর্ডে তলব করা ৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ ৩১টি প্রতিষ্ঠান কুমিল্লা জেলার। বাকিগুলোর মধ্যে নোয়াখালীর ১৫টি, চাঁদপুরের ১৩টি, লক্ষ্মীপুরের ১১টি, ব্রাহ্মণবাড়িয়ার ৫টি এবং ফেনী জেলার ৪টি প্রতিষ্ঠান রয়েছে।
চিঠিতে বলা হয়েছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ৩০ শতাংশের কম শিক্ষার্থী পাস করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কেন বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে না- সে বিষয়ে সুস্পষ্ট কারণ ব্যাখ্যাসহ লিখিত জবাব দাখিল করতে হবে। পাশাপাশি, মঙ্গলবার সকাল ১০টায় বোর্ডের অডিটোরিয়ামে সংশ্লিষ্ট অধ্যক্ষদের সশরীরে বিগত ৫ বছরের প্রশাসনিক ও একাডেমিক কাগজপত্রসহ উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়। বোর্ড সূত্র জানায়, এ বছর কুমিল্লা বোর্ডে গড় পাসের হার ছিল ৪৮ দশমিক ০৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১৩১৩ জন।
৩০ শতাংশের কম শিক্ষার্থী পাস করা চাঁদপুর জেলার ১৩টি প্রতিষ্ঠান হলো–
চাঁদপুর বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজ পাসের হার (পাসের হার ১০.০০ শতাংশ), বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ (পাসের হার ১২.৭৯ শতাংশ), সাচার ডিগ্রি কলেজ (পাসের হার ১৭.৩৫ শতাংশ), কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ (পাসের হার ১৯.০৫ শতাংশ), লাউতলী ডা. রশীদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ (পাসের হার ২১.৪৩ শতাংশ), নাসিরকোট শহিদ স্মৃতি ডিগ্রি কলেজ (পাসের হার ২৩.৪৪ শতাংশ), ফরক্কাবাদ ডিগ্রি কলেজ (পাসের হার ২৩.৫০ শতাংশ), সুজাতপুর ডিগ্রি কলেজ (পাসের হার ২৪.৭৪ শতাংশ), নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ (পাসের হার ২৪.৮৮ শতাংশ), চিতোষী ডিগ্রি কলেজ (পাসের হার ২৫.৮৪ শতাংশ), মুন্সী আজিম উদ্দিন কলেজ (পাসের হার ২৬.২৩ শতাংশ), নিন্দপুর মহীউদ্দীন খান আলমগীর হাই স্কুল অ্যান্ড কলেজ (পাসের হার ২৭.৪৮ শতাংশ), কালীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ (পাসের হার ২৮.১৬ শতাংশ)।
চাঁদপুর টাইমস ডেস্ক/
২৪ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur