জরুরি স্বাস্থ্যসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং জীবন রক্ষাকারী প্রাথমিক চিকিৎসার কৌশল ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে চাঁদপুরে সিপিআর (CPR) প্রশিক্ষণ, স্ট্রোক ও হৃদরোগ সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিউরোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশের আয়োজনে এবং আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
নিউরোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশের সেক্রেটারি ও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসের চিকিৎসক ডা. ফাহিম আল ফয়সালের সূচনা বক্তব্য ও পরিচালনায় অনুষ্ঠানে দেশের বিশিষ্ট চিকিৎসক ও বিশেষজ্ঞরা অংশ নেন। তাঁরা স্ট্রোক, হৃদরোগ, মস্তিষ্কের স্বাস্থ্য এবং জরুরি পরিস্থিতিতে জীবন রক্ষাকারী চিকিৎসাপদ্ধতি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পাশাপাশি অংশগ্রহণকারীদের হাতে-কলমে সিপিআর প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য ও প্রশিক্ষণ প্রদান করেন নিউরোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশের চেয়ারম্যান এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের অধ্যাপক ডা. এম. এস. জহিরুল হক চৌধুরী। এছাড়া ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. আশরাফুল হক সুমন এবং কোষাধ্যক্ষ ডা. জাফর মাহমুদ খান প্রশিক্ষণ ও আলোচনায় অংশ নেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. রাসেল। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে স্বাস্থ্যবিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও আল-আমিন একাডেমির গভর্নিং বডির সদস্য মাওলানা মো. বিলাল হোসেন মিয়াজী এবং আল-আমিন সোসাইটির সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, মস্তিষ্ক, হৃদরোগ ও মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যা সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। বিশেষ করে হৃদযন্ত্রের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া কিংবা আকস্মিক অসুস্থতার ক্ষেত্রে দ্রুত ও সঠিকভাবে সিপিআর প্রয়োগ একজন মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই শুধু চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী নয়, সাধারণ মানুষের মধ্যেও এ ধরনের জীবন রক্ষাকারী প্রশিক্ষণ ছড়িয়ে দেওয়া প্রয়োজন।
তাঁরা আরও বলেন, স্ট্রোক ও হৃদরোগের ক্ষেত্রে সময়মতো সঠিক পদক্ষেপ গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে সচেতন করতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এমন উদ্যোগ কার্যকর ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে জীবন রক্ষাকারী প্রাথমিক চিকিৎসা সম্পর্কে সাধারণ মানুষকে প্রশিক্ষিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে সভাপতির সমাপনী বক্তব্য রাখেন আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম।
স্টাফ করেসপন্ডেট/
১৯ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur