আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে, যারা পথে-প্রান্তরে ঘুরে বেড়ান। কারও পরনে ময়লা পোশাক, কারও চুল-দাড়িতে জট বেঁধেছে। কারও শরীরে জমেছে ক্ষত, দীর্ঘদিন গোসল না করায় শরীর থেকে ছড়ায় দুর্গন্ধ। পরিচয়হীন এসব মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে মানুষকে দেখে অনেকেই এড়িয়ে যান। কেউ ভয় পান, কেউ বিরক্ত হন, আবার কেউ উপহাস করেন। এমনসব অবহেলিত মানুষদের সেবাশুশ্রূষা দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করছেন চাঁদপুরের উজ্জ্বল ইসলাম তাজবীর।
পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী এই যুবকের বাড়ি চাঁদপুর শহরের পুরানবাজারের ১নম্বর ওয়ার্ডে। বাবা ফারুক দেওয়ান, মা জাহানারা বেগম। গত পাঁচ মাস ধরে তিনি নিজের উদ্যোগে চাঁদপুরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানো অসহায় ও পরিচয়হীন মানসিক ভারসাম্যহীন মানুষের সেবা করে যাচ্ছেন। তাঁদের গোসল করানো, চুল-দাড়ি কেটে দেওয়া, শরীর পরিষ্কার করা, নতুন পোশাক পরানো এবং খাবার খাওয়ানোর মতো কাজ করছেন। পাশাপাশি ভবঘুরে এ সকল মানুষদের পরিচয় শনাক্ত করে তাঁকে পরিবারের কাছে তুলে দেবার চেষ্টা করছেন।
তাজবীরের এই উদ্যোগের শুরুটা মানবিক উপলব্ধি থেকে। তিনি লক্ষ করেন, রাস্তায় মানসিক ভারসাম্যহীন মানুষদের দেখলে অনেক শিশু-কিশোর তাঁদের পেছনে দৌড়ায়, কেউ ঢিল বা ইট-পাটকেল ছুড়ে মারে। অনেকে আবার ভয় পেয়ে দূরে সরে যায়। অসহায় মানুষগুলোর প্রতি এমন আচরণ তাঁকে ব্যথিত করে। সেই বোধ থেকেই তাঁদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।
তাজবীর জানান, যাঁদের চুল-দাড়ি বড় হয়ে গেছে, পোশাক অপরিচ্ছন্ন কিংবা দীর্ঘদিন গোসল না করায় শরীরের যত্ন নেওয়া হয়নি, তাঁদের খুঁজে বের করে পরিচ্ছন্ন করার উদ্যোগ নেন তিনি। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ইচ্ছা ও সম্মতিকে গুরুত্ব দেওয়া হয়। মানসিক সমস্যার কারণে কেউ স্বাভাবিকভাবে কথা বলতে না পারলেও তাঁর আচরণ ও সম্মতি বোঝার চেষ্টা করা হয়। কেউ সহযোগিতা করতে না চাইলে জোর করা হয় না। প্রয়োজনে আশপাশের মানুষের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়।
তাজবীর আরো জানান, এমন কাজের প্রশিক্ষণ কিংবা পূর্বের কোন অভিজ্ঞতা নেই তাজবীরের। তাই অনভিজ্ঞতার কারণে মানসিক ভারসাম্যহীনদের সেবা করতে গিয়ে তাদের দ্বারা অসংখ্যবার আঘাতপ্রাপ্ত হয়েছেন। তবুও তিনি দমে যাননি। গত পাঁচ মাসে প্রায় ২০ জন ভবঘুরে মানুষকে এভাবে সেবাশুশ্রূষা দিয়েছেন তিনি। পরিচ্ছন্নতা ও পোশাকের ব্যবস্থা করার পাশাপাশি তাঁদের খাবার এবং প্রয়োজন অনুযায়ী আর্থিক সহায়তাও করেছেন। শুধু তাই নয়, অনেক কর্মক্ষম অথবা ভিক্ষুকদের ক্ষুদ্র পরিসরে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। দরিদ্র ও অসুস্থ মানুষের চিকিৎসায় নিজে সহযোগিতার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অন্যদের কাছ থেকেও সহায়তা সংগ্রহে ভূমিকা রাখছেন।
কোনো ব্যক্তিগত স্বার্থ কিংবা প্রচারের উদ্দেশ্যে নয়, মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই এসব কাজ করছেন বলে জানান তাজবীর। তাঁর বিশ্বাস, মানসিক ভারসাম্যহীনতা কাউকে অবহেলা কিংবা অসম্মান করার কারণ হতে পারে না। তাঁরাও সমাজের অংশ। তাঁদের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। যতদিন সুস্থতার সঙ্গে বেঁচে আছেন— ঠিক ততদিন তিনি মানুষের জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, তাজবীরের এই উদ্যোগ তাঁদের আশাবাদী করেছে। তাঁর কাজ দেখে অন্যরাও অসহায় মানুষদের প্রতি সহানুভূতিশীল হতে উৎসাহিত হচ্ছেন। বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে অবহেলিত মানুষদের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা তৈরিতে এমন উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখছে।
চাঁদপুরের সামাজিক ও মানবিক সংগঠন আপন-এর প্রতিষ্ঠাতা রোটারিয়ান ডাক্তার রাশেদা আক্তার বলেন, সমাজের পরিবর্তন সব সময় বড় কোনো আয়োজন দিয়ে শুরু হয় না। কখনো কখনো একজন মানুষের ছোট্ট উদ্যোগও বদলে দিতে পারে অন্য কারও জীবনের চিত্র। উজ্জ্বল ইসলাম তাজবীর, অবহেলা আর অনাদরে পড়ে থাকা মানুষদের সেবাশুশ্রূষা দিয়ে, তাদের মুখে হাসি ফুটিয়ে সেই পরিবর্তনেরই বার্তা দিচ্ছেন। তাঁর এই মানবিক উদ্যোগ মনে করিয়ে দেয়, মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। আর মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে সুন্দর প্রকাশ। আমরা তার এই মানবিক, অদম্য, ইচ্ছা এবং সাহসকে শুভকামনা জানাই।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
১৭ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur