চাঁদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও ভক্তিমূলক পরিবেশে শ্রীশ্রী অন্নকূট মহোৎসব ও গোবর্ধন পূজা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) শহরের মুন্সেফপাড়া শ্রীশ্রী মহাপ্রভু নীলাচল মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব স্বাধীনভাবে পালন করবেন—এটাই আমাদের প্রত্যাশা। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা সবাই বাংলাদেশি, আমাদের পরিচয় ও অধিকার সমান। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস করব। একে অপরের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকব।
তিনি আরও বলেন, চাঁদপুরে দীর্ঘদিন ধরে সব ধর্মের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে বসবাস করে আসছেন। এই সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের বিভেদ বা বৈষম্য যেন আমাদের মধ্যে দূরত্ব তৈরি করতে না পারে, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি বলেন, ধর্মীয় অনুষ্ঠান শুধু পূজা-অর্চনার মধ্যেই সীমাবদ্ধ নয়, এসব আয়োজন মানুষের মধ্যে ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। আমি সব সময় চাঁদপুরের সব ধর্মের মানুষের পাশে থাকতে চাই। সবার সহযোগিতায় একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সম্প্রীতিময় চাঁদপুর গড়ে তুলতে চাই।
চাঁদপুর জেলা ইসকনের সভাপতি শ্রীপাদ জগদানন্দ পণ্ডিত দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে এবং সচীনন্দন বিশ্বম্ভর দাসের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ইসকনের সহ-সভাপতি রত্নস্বর গৌরহরি দাস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমান হোসেন গাজী, বর্তমান কমিটির আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ ইসকনের নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা ও ভক্তিমূলক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
স্টাফ করেসপন্ডেট/
১৩ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur