Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে ছাদে বিদ্যুতের তারে আটকে পড়া কাপড় আনতে গিয়ে গৃহবধূর মৃত্যু
ছাদে

মতলবে ছাদে বিদ্যুতের তারে আটকে পড়া কাপড় আনতে গিয়ে গৃহবধূর মৃত্যু

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিদ্যুতের তারে আটকে পড়া কাপড় আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে হেলেনা বেগম (৩৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মতলব পৌরসভার ৩নং ওয়ার্ডের দক্ষিণ কলাদীর লক্ষীপুর কলনীতে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল নয়টায় বিদ্যুৎস্পৃষ্টের ঘটনাটি ঘটে।

মারা যাওয়া হেলেনা বেগম ওই এলাকার ব্যবসায়ী শাজাহান খানের স্ত্রী। হেলেনা আক্তার ও শাজাহান খান দম্পতির দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। হেলেনা বেগমের শ্বশুর বাড়ি উপজেলার ডিঙ্গাভাঙ্গা গ্রামে। তার স্বামী শাহজাহান খান ওই গ্রামের জিয়া বাজারের মুদী ব্যবসায়ী।কলাদীর লক্ষ্মীপুর কলোনিতে দুইতলা ভবন রয়েছে। সেখানেই তাদের.স্বপরিবারে নিয়ে বসবাস। বিদ্যুৎপৃষ্টে মারা যাওয়ার পর হেলেনা বেগমের বড় ননদ সালেহা বেগম ও শিল্পী আক্তারসহ আরও কয়েকজন স্বজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চত্বরে আহাজারি করছিলেন।

এ সময় কথা হয় সালেহা বেগমের সঙ্গে। কাঁদতে কাঁদতে তিনি বলেন, তাঁর ভাই ও ভাবি সন্তানদের নিয়ে কলাদী এলাকায় নিজেদের দোতলা বাড়ির নিচতলায় থাকেন। সোমবার দুপুরে তাঁর ভাবি (হেলেনা বেগম) বাড়ির ছাদে কয়েকটি কাপড় শুকাতে দেন। সন্ধ্যায় ভুল করে সেখানে একটি কাপড় রেখে আসেন। পরদিন মঙ্গলবার সকাল নয়টায় বাড়ির ছাদে ওই কাপড় আনতে গিয়ে দেখেন, সেটি পাশের বিদ্যুতের তারে ঝুলছে। লোহার রড দিয়ে টান দিয়ে ওই কাপড় আনার সময় তার ছিঁড়ে এসে তাঁর ভাবির গায়ে পড়ে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাঁর চিৎকারে স্বজনেরা সেখানে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মেহেদী হাসান বলেন, সকাল দশটায় হেলেনা বেগমকে হাসপাতালে নিয়ে আসেন তার ছেলে খালেদসহ স্বজনরা। ইসিজিসহ অন্যান্য পরীক্ষানিরীক্ষা করে দেখা যায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমান মানিক বলেন, এ ঘটনায় থানায় কোনো মামলা বা অভিযোগ হয়নি।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
১০ নভেম্বর ২০২৬