প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬-এর সফটওয়্যার ব্যবহারের বিষয়ে উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ১০ নভেম্বর সকাল ৯টায় অধিদপ্তরের মাল্টিপারপাস হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ৪ নভেম্বর জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এতে চট্টগ্রাম,লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও পিরোজপুর জেলার উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
চিঠি অনুযায়ী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী। এতে বিশেষ অতিথি থাকবেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো.আব্দুর রহিম।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের সকাল পৌনে ৮টার মধ্যে প্রশিক্ষণস্থলে উপস্থিত হয়ে নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে। একই সঙ্গে তাদের প্রয়োজনীয় ল্যাপটপ সঙ্গে নিয়ে যথাসময়ে প্রশিক্ষণে অংশগ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তারা বিধি অনুযায়ী নিজ নিজ বেতন খাত থেকে যাতায়াত ভাতা ও দৈনিক ভাতা প্রাপ্য হবেন। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬-এর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং সংশ্লিষ্ট সফটওয়্যার ব্যবহারে কর্মকর্তাদের প্রস্তুত করার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। বাসস
৭ নভেম্বর ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur