চাঁদপুরে নানান আয়োজনে গণ-অধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৬ অক্টোবর) বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর শহরের বাসস্টেশন এলাকা থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালী বের করা হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে বিকেল সাড়ে ৪টায় প্রেসক্লাব মিলনায়তনে পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আরিফুল ইসলাম তালুকদার।
তিনি বলেন, স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের আমলে যখন বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর দলীয় কর্মসূচি পালনের সুযোগ ছিল না, তখন গণ অধিকার পরিষদ আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করেছে। গণবিধিকার পরিষদ এখন পর্যন্ত অন্তত আটটি রাজনৈতিক দলের জন্ম দিয়েছে। গণ-অধিকার পরিষদ মানুষকে প্রতিবাদ করা, ন্যায় বিচারের কথা বলা এবং মেরুদন্ড সোজা করতে শিখিয়েছে।
তিনি আরো বলেন, গণধিকারের প্রত্যেকটা সদস্য দেশপ্রেমিকের প্রতিচ্ছবি। বাংলাদেশে কেউ যদি নিরপেক্ষ দেশপ্রেমিকদের দেখতে চায়, তাহলে গণধিকার পরিষদের নেতাকর্মীদের দিকে তাকানোর আহ্বান জানাই। কারণ আজও তারা নিজের খেয়ে দেশের জন্য বনের মহিষ তাড়িয়ে যাচ্ছে। তারা আলোর মশাল জ্বেলে দেশ এবং জাতিকে পথ দেখিয়ে যাচ্ছে।
জেলা গণ অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক আশরাফুল ইসলাম কাজী রাসেলের সভাপতিত্বে এবং সাবেক সদস্য সচিব মোঃ মাহমুদুল হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাবেক যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মর্তুজা মাহবুব, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি ইসমাইল হোসেন।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা গণ অধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক সাংবাদিক জাকির হোসেন, যুগ্ম সদস্য সচিব হাসান মিজি, ওমর সালমান, যুব অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি জালাল আহমেদ শাওন, সাধারন সম্পাদক আল আমিন সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ উপজেলার সভাপতি আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা নিশান, যুব নেতা সালাউদ্দিন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি জিএম মানিক, সিনিয়র সহ-সভাপতি পারভেজ আহমেদ, হাজীগঞ্জ উপজেলা সভাপতি নিরব আহমেদ, কচুয়া উপজেলার সভাপতি আবু সাইদ, মতলব পৌরসভার সভাপতি সাদ সরকার, তোলারাম কলেজ সভাপতি মোঃ নিলয়।
আলোচনা সবার শেষে উপস্থিত নেতৃবৃন্দ কেক কেটে দলের পঞ্চম প্রতিষ্ঠিতবার্ষিকী উদযাপন করেন। এর আগে গণ অপরিষদে যোগদান করা ব্যক্তিদের ফুলের মালা দিয়ে বরণ করেন অতিথিবৃন্দ।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
২৬ অক্টোবর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur