চাঁদপুরের ফরিদগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক প্রণয়ন ও সড়ক উন্নয়নের অগ্রাধিকার নির্ধারণবিষয়ক এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিকের সভাপতিত্বে কর্মশালাটি সঞ্চালনা করেন উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেটসের জিআইএস (GIS) বিশেষজ্ঞ আব্দুল্লাহ।
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মেজবা উদ্দিন এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিববৃন্দসহ স্থানীয় বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
কর্মশালায় গ্রামীণ জনপদের যোগাযোগ ব্যবস্থার সুদূরপ্রসারী উন্নয়ন, কোর রোড নেটওয়ার্ক প্রণয়ন, অতিগুরুত্বপূর্ণ সড়কগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিতকরণ এবং পর্যায়ক্রমে সড়ক উন্নয়নের সঠিক অগ্রাধিকার নির্ধারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বক্তারা বলেন, গ্রামীণ অবকাঠামোর পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করা গেলে সাধারণ মানুষের যাতায়াত যেমন সহজ হবে, তেমনি গ্রামীণ অর্থনীতি আরও গতিশীল হয়ে উঠবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ফরিদগঞ্জ উপজেলা কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারী অতিথিরা উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ তুলে ধরেন।
প্রতিবেদক: শিমুল হাছান,
২৬ অক্টোবর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur