বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ পরিণত হয়েছে। এটি আরও শক্তি সঞ্চয় করে বুধবারের ২৮ অক্টোবর মধ্যে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার ২৬ অক্টোবর আবহাওয়াবিদ আবদুল হামিদ মিয়া স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে ক্রমিক-৬ এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়,পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ রূপ নেয়। সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮২০ কি.মি.দক্ষিণ-পশ্চিমে,কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কি.মি. দক্ষিণ-পশ্চিমে,মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কি.মি. দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কি.মি.দক্ষিণে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড়টি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ মধ্যরাত নাগাদ আরও শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পরবর্তীতে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে এটি অতি প্রবল ঘূর্ণিঝড় আকারে বুধবার ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।
বর্তমানে ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কি.মি.মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কি.মি.,যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কি.মি.পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর অত্যন্ত উত্তাল রয়েছে।
এই পরিস্থিতিতে দেশের সব সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
২৬ অক্টোবর ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur