বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে পূর্বমধ্য এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে এই নিম্নচাপ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আবহাওয়া দপ্তর এ তথ্য জানিয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) এই নিম্নচাপ একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে রোববার (২৫ অক্টোবর) অতি-গভীর নিম্নচাপ এবং সোমবার (২৬ অক্টোবর) সকালে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তারপর আরও শক্তি বাড়িয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে আগাতে পারে। আবহাওয়াবিদদের ধারণা, অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকা কাকিনাড়ার কাছে এটি আগামী শুক্রবার (৩০ অক্টোবর) সকালে স্থলভাগে আছড়ে পড়তে পারে।
নিম্নচাপের ফলে মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে পশ্চিমবঙ্গ উপকূলে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হবে। আর ২৮ থেকে ৩০ অক্টোবর পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে এই কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করবে।
ঘূর্ণিঝড়ের শঙ্কা থাকায় মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মধ্য ও উত্তর বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে না যেতে পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। গভীর সমুদ্রে থাকা মৎস্যজীবীদের সোমবার (২৬ অক্টোবর) বিকেলের মধ্যে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে।
চাঁদপুর টাইমস ডেস্ক/
২৪ অক্টোবর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur