চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল, চায়না চাই ও মশারি জাল ব্যবহার করে মাছ শিকারের অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। এ সময় ৭৩০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মোহনপুর ইউনিয়নের নাছিরার চর ও বাংলাবাজারসংলগ্ন মেঘনা নদীর শাখায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. আলী হোসেন ব্যাপারী (৪৮), ইদ্রিস আলী মোল্লা (৪২), রহিম বাদশা (৩০), রাজিব হাওলাদার (২২), মো. হোসেন (১৯), কুদ্দুস সরদার (৪০), মোত্তালেব বন্দুকসি (৪৫), মো. হাফেজ বেপারী (৫৫), উজ্জল হাওলাদার (৩০), মো. বুটু খান (৩৯), নিজাম খান (৪৮), রাব্বি খান (২২), মো. আক্তার ঢালী (৬৫), মো. জাফর বালা (২৮), মো. খোকন শেখ (৪০), মো. আসিফ সরদার (২৫), মো. শিপন শেখ (২৮), শ্যামল মালু (৪৬), মো. খাজা (৫৫) ও মো. শাহজাহান (৫০)।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ৬০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৮০ মিটার চায়না চাই ও ৫০ মিটার মশারি জাল জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ (সংশোধিত ২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় ছয়টি মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন বলেন, নদীতে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার বন্ধে নৌ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মৎস্যসম্পদ রক্ষায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
মতলব উত্তর প্রতিনিধি/
২৪ অক্টোবর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur