চাঁদপুরের শাহরাস্তিতে সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিতীয় প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর থেকে মিছিলের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী ভিডিওটি শেয়ার করেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সুজনের নেতৃত্বে মঙ্গলবার ভোরে মুদাফফরগঞ্জ-চিতোষী সড়কে মিছিলটি বের করা হয়। পরে দুপুরে নিজের ফেসবুক আইডি থেকে মিছিলের ভিডিওটি পোস্ট করেন সুজন।
ভিডিওটি পোস্ট করার পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা সুজনকে স্বাগত জানিয়ে সেটি নিজেদের ফেসবুক আইডিতে শেয়ার করেন।
এ বিষয়ে শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন জানান, লাকসাম, মনোহরগঞ্জ ও শাহরাস্তি উপজেলার সীমান্তবর্তী এলাকায় সকালে মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেছি।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, মিছিলের ভিডিওর লিংক তিনি পেয়েছেন। তাঁর ধারণা, মিছিলটি আগেই করা হয়েছে, মঙ্গলবার শুধু ভিডিওটি পোস্ট করা হয়েছে। তিনি আরও জানান, শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী চন্ডিপুর এলাকায় মিছিলটি বের করা হয়ে থাকতে পারে। পূজার নিরাপত্তায় পুলিশ ব্যস্ত থাকার সুযোগ তারা কাজে লাগিয়েছে বলেও ধারণা করা হচ্ছে।
তিনি আরো জানান, বিস্তারিত তথ্য জেনে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
২০ অক্টোবর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur