Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / স্ত্রীকে জানালা ভেঙ্গে বের করে লাফ দিয়ে প্রাণে বাঁচলেন মতলবের ইসমাইল
স্ত্রীকে

স্ত্রীকে জানালা ভেঙ্গে বের করে লাফ দিয়ে প্রাণে বাঁচলেন মতলবের ইসমাইল

কক্সবাজারের উখিয়ায় ইনানী সমুদ্র সৈকতসংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এক দম্পতি আহত হয়েছেন। আগুন থেকে বাঁচতে রিসোর্টের জানালা ভেঙে স্ত্রীকে বাইরে বের করে দেন স্বামী ইসমাইল হোসেন মাসুদ। পরে তিনিও জানালা দিয়ে লাফিয়ে বের হন।

গতকাল শনিবার সকাল সাড়ে সাতটার দিকে মেরিন ড্রাইভ সড়ক–সংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতা শুরু করেন। এতে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ইসমাইল হোসেনের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ ঠেটালিয়া গ্রামে। ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করায় স্ত্রী মেহেরুন নেছাকে নিয়ে থাকতেন ঢাকার দক্ষিণখান এলাকায়। রিসোর্টে অগ্নিকাণ্ডে ইসমাইলের ভাগনি লায়লা জাহান নাবিলা, ইসরাত জাহান মালিহা, ফারিয়া কবির ও মিলিতা মেহজাবীন; ভাগনে নাফিজ তেহামী এবং নাতি (ফারিয়া কবিরের শিশুপুত্র) ফাইজান নুর মারা গেছেন।

জানালা দিয়ে লাফ দিয়ে কোনোমতে প্রাণে বেঁচে যান ইসমাইল ও তাঁর স্ত্রী মেহেরুন নেছা। তবে মেহেরুনের শরীরের কিছু অংশ পুড়ে গেছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয়জনসহ মোট ১০ জনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। রিসোর্টটিতে আগুন লাগার কারণ ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের বিষয়টিও সামনে এসেছে।

মতলব প্রতিনিধি/
১৮ অক্টোবর ২০২৬