Home / উপজেলা সংবাদ / হাইমচর / মা ইলিশ রক্ষায় সর্বোচ্চ আইন প্রয়োগ করা হবে- শেখ ফরিদ আহমেদ মানিক এমপি
ইলিশ

মা ইলিশ রক্ষায় সর্বোচ্চ আইন প্রয়োগ করা হবে- শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

হাইমচর উপজেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

তিনি তার বক্তব্যে বলেন, নদীতে মা ইলিশ রক্ষায় অভিযানে নিয়োজিত সরকারি কর্মকর্তাদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। যারা এ ধরনের আচরণ করবে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইন প্রয়োগ করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। সরকারের আইন ও নীতিমালা মানতে হবে।

তিনি আরো বলেন, নদীতে মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। চেয়ারম্যানরা আন্তরিকভাবে উদ্যোগ নিলে কোনো জেলেই নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরতে নামতে পারবে না বলে তিনি বিশ্বাস করেন।

শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়; এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যেরও প্রতীক। পূজাকে কেন্দ্র করে কেউ যেন ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

স্বাস্থ্যসেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলে চিকিৎসাসেবার ভালো অভিজ্ঞতা নিয়ে সুনাম করেন। তাই চিকিৎসার মান ঠিক রাখতে হবে এবং রোগীদের যথাযথ সেবা নিশ্চিত করতে হবে। হাইমচরের সমস্য হচ্ছে ৫৩ বছরের সমস্যা। আমাদের সবার উদ্দেশ্য হচ্ছে হাইমচরকে মডেল করবো।

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, হাইমচরের বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে। এ উপজেলায় নিজস্ব কোনো গ্রিড না থাকায় চাঁদপুর গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। বিদ্যুৎ সংকট মোকাবিলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। দয়া করে সবাই সোলারের মনোযোগ দেন। এ ছাড়া হাইমচরে সারের কোনো ঘাটতি নেই বলেও তিনি উল্লেখ করেন।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাইমচর থানার অফিসার ইনচার্জ শাহ আলম, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্যাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক, হাইমচর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. মাহমুদুন নবী, উপজেলা কৃষি অফিসার মো. শাকিল খন্দকার, উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসার মো. নাসিম উজ জামান, হাইমচর প্রেসক্লাবের সভাপতি মহসীন মিয়া, হাইমচর কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার শাহীন আহমেদ, হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুবুর রশীদ, ২নং উত্তর আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিক পাটওয়ারী, গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন সবুজ, হাইমচর ইউনিয়নের চেয়ারম্যান জুলহাস সরকার, চরভৈরবী ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ জোবায়ের শিমুল, নীলকমল ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনির হোসেন সিকদার প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, হাইমচর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বেদারুল আলম, হাইমচর উপজেলা প্রাণী সম্পক কর্মকর্তা ডা. মানিক বিশ্বাস, হাইমচর উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা, উপজেলা শিক্ষা অফিসার মুনছুর আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তফা কামাল, উপজেলা সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান ভূঁইয়া, উপজেলা আনসার ভিডিপি অফিসার মাসুদ হাসান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার সাজিয়া আফরিন, উপজেলা পঃ পঃ অফিসার মো. তানভীরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য সহকারী প্রকৌশলী মোহাম্মদ নূর হোসেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. আবদুছ সালাম, উপজেলা সমবায় অফিসার মো. হাফিজুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার জামাল হোসেন, উপজেলা ইসলামি ফাউন্ডেশন কর্মকর্তা মুহা জুলফিকার হাসান।

এ ছাড়া সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন আসিফ/
১৭ অক্টোবর ২০২৬