Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেপ্তার
আসামি

মতলব উত্তরে বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেপ্তার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ চারজনকে আটক করা হয়েছে। এ ছাড়া আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ও সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলার আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সব মিলিয়ে এ অভিযানে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান ও গ্রেপ্তারি পরোয়ানা তামিল কার্যক্রম চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে গ্রেপ্তার চারজনের মধ্যে কলাকান্দা ইউনিয়নের বাহেরচর পাঁচআনি গ্রামের মো. শুক্কুর আলী (৩৮) এবং মোহনপুর ইউনিয়নের আইঠাদি গ্রামের মো. মহিউদ্দিনের (৪০) কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া উত্তর হলদিয়া এলাকার মো. শাকিল বেপারী ওরফে কালু (২৭) এবং আমিনপুর এলাকার মো. ফারুক হোসেন স্বপনের (৫১) কাছ থেকে ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, একই অভিযানে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও জিআর মামলায় সাজাপ্রাপ্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন নারী রয়েছেন।

মতলব উত্তর থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক/
১৭ অক্টোবর ২০২৬