Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ার দুই আলেম গুরুত্বপূর্ণ পদে
আলেম

কচুয়ার দুই আলেম গুরুত্বপূর্ণ পদে

মুফাসসিরে কুরআন, ওয়ায়েজ, ইমাম ও খতিবদের সংগঠন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের আগামী তিন বছরের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩ অক্টোবর ২০২৬) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুফাসসিরে কুরআন, ওয়ায়েজ, ইমাম, খতিব ও বিশিষ্ট আলেম-উলামারা কাউন্সিলর হিসেবে অংশগ্রহণ করেন।

এতে সংগঠনের আগামী তিন বছরের জন্য নতুন কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন ও বিভিন্ন সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

কাউন্সিলে প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে আগামী তিন বছরের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় সংসদের সদস্য অধ্যাপক নুরুল আমিন। এছাড়া জেনারেল সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা নাসির উদ্দিন হেলালী এবং সাংগঠনিক স¤পাদক হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা আবুল কালাম আজাদ আজহারী। এদিকে ২৫ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদে সহকারী সেক্রেটারি হিসেবে কচুয়ার কৃতি সন্তান ও জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফীকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ১০১ সদস্যবিশিষ্ট জাতীয় পরিষদের কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন কচুয়ার আরেক কৃতি সন্তান মাওলানা মুফতি মাসুম বিল্লাহ মাদানী।

কচুয়ার দুই বিশিষ্ট আলেমের বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত হওয়ার খবরে কচুয়া উপজেলা জুড়ে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। তাদের এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে কচুয়ার সর্বস্তরের আলেম-উলামা, ধর্মপ্রাণ মানুষ ও সাধারণ জনগণের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। স্থানীয় আলেম-উলামা ও শুভাকাক্সক্ষীরা আশা প্রকাশ করেন, মুহাদ্দিস আবু নছর আশরাফী ও মুফতি মাসুম বিল্লাহ মাদানী তাদের জ্ঞান, প্রজ্ঞা, দক্ষতা ও সাংগঠনিক অভিজ্ঞতার মাধ্যমে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। একই সঙ্গে তারা কচুয়ার ধর্মীয় ও সামাজিক অঙ্গনেও ইতিবাচক অবদান রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

কচুয়ার সন্তান হিসেবে জাতীয় পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বে দুই আলেমের স্থান পাওয়াকে এলাকার জন্য গৌরবের বিষয় হিসেবে দেখছেন স্থানীয়রা।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৬ অক্টোবর ২০২৬