কচুয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের কড়ইয়া গ্রামের মনগাজী বাড়িতে আমেরিকা প্রবাসী সায়েম হাসানের বসত বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ১১টা দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, অগ্নিকান্ডের প্রায় দুই ঘণ্টা আগে প্রবাসে থেকে সায়েম হাসান তার নিজ ফেসবুক অ্যাকাউন্টে ‘প্রত্যেকটা মাদক ব্যবসায়ীর বাড়ি জ্বালিয়ে দেওয়া হোক’ এমন একটি মাদকবিরোধী পোস্ট দেন। ওই পোষ্টের প্রায় দুই ঘণ্টা পরই তার বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে। এতে প্রবাসীর বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, প্রবাসী সায়েম হাসানের বাবা মো. মনির হোসেন হঠাৎ আগুনের শব্দ শুনতে পেয়ে ঘরের বাইরে এসে তিনি আগুন দেখতে পান এবং তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়দের দাবি, আগুন নেভানোর পর ঘটনাস্থলে একটি লাইটার পাওয়া যায়। এ কারণে ঘটনাটি পরিকল্পিত অগ্নিসংযোগ কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
সায়েম হাসান দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিরোধী সচেতনতা, সমাজসেবা ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং গ্রামের মানুষকে ঐক্যবদ্ধ করার বিভিন্ন উদ্যোগে যুক্ত রয়েছেন বলে পরিবার ও স্থানীয়রা জানান। পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত, অগ্নিকান্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
এ ব্যাপারে কচুয়া থানার ওসি মো: আজিজুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৩ অক্টোবর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur