কচুয়া উপজেলার ৮৬ নং কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি হিসেবে সর্বসম্মতি ক্রমে নির্বাচিত হয়েছেন, মেজর অবঃ সৈয়দ মাহমুদ হাসান। সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত পরিচালনা কমিটির সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। তার নির্বাচনের খবরে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সন্তোষ প্রকাশ করেছেন। মেজর অবঃ সৈয়দ মাহমুদ হাসান দীর্ঘদিন ধরে অত্র গ্রামের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
নবনির্বাচিত সভাপতি মেজর অবঃ সৈয়দ মাহমুদ হাসান বলেন, কচুয়ার“৮৬ নং কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় টি আমার বাবা মরহুম শমসের আলী হেডমাস্টার প্রতিষ্ঠিত করেছেন । আমি এ বিদ্যালয়টি কে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করছি। শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে আমি সর্বোচ্চ চেষ্টা করব।” এদিকে বিদ্যালয়ের প্রধান মো: আমান উল্লাহ অন্যান্য শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা আশা প্রকাশ করে বলেন, মেজর অবঃ সৈয়দ মাহমুদ হাসান সাহেব এর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার মান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। তার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। স্থানীয় এলাকাবাসীও বিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতিতে তার সফল নেতৃত্ব কামনা করেছেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৬ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur