Home / উপজেলা সংবাদ / হাইমচর / তরুণ প্রজন্মের কাছে মাদকের কুফল তুলে ধরার আহ্বান- ইউএনও হাইমচর
তরুণ

তরুণ প্রজন্মের কাছে মাদকের কুফল তুলে ধরার আহ্বান- ইউএনও হাইমচর

চাঁদপুরের হাইমচর উপজেলার বাজাপ্তী রমণী মোহন উচ্চ বিদ্যালয়ের হলরুমে মাদকের অপব্যবহার রোধ ও এর ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় আয়োজিত এই সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।

​বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান শিকদারের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক সৈয়দ আহমেদ পাটোয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আহসানুল হক এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ গাজী।

​সভায় বক্তারা যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। মাদকের কুফল তুলে ধরে তরুণ প্রজন্মকে পড়াশোনা ও খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান জানান অতিথিরা।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাইমচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ আলী গাজী ও সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান গাজীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​সভা শেষে থানা পুলিশের আয়োজনে একটি মাদকবিরোধী বর্ণাঢ্য র‍্যালি বিদ্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। র‍্যালিতে উপজেলা নির্বাহী অফিসার, থানা অফিসার ইনচার্জ, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

প্রতিবেদক: ​মোঃ আলমগীর হোসেন (আসিফ)/
১৪ সেপ্টেম্বর ২০২৬