বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১২টায় চাঁদপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের মতিন বকাউল বাড়ি সংলগ্ন এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি এ দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও কল্যাণের জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসা একটি রাজনৈতিক শক্তি। দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীকে আমরা শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং সমাজ ও দেশের জন্য ইতিবাচক কাজ করতে হবে।
তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু ছায়া দেয় না, মানুষের জীবন রক্ষা করে, পরিবেশকে সুরক্ষিত রাখে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে ভূমিকা রাখে। তাই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণের এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
তিনি আরও বলেন, আমাদের প্রত্যেক নেতাকর্মীকে নিজ নিজ এলাকায় বেশি বেশি গাছ লাগাতে হবে এবং লাগানো গাছের পরিচর্যা ও সংরক্ষণ করতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, গাছগুলো যাতে বড় হয়ে ওঠে সেদিকেও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের মানুষের মৌলিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি একটি সুন্দর, সমৃদ্ধ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, রাজনীতি মানে মানুষের পাশে থাকা। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো, এলাকার সমস্যা সমাধানে ভূমিকা রাখা এবং সমাজের কল্যাণে কাজ করাই একজন রাজনৈতিক কর্মীর দায়িত্ব। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিগুলোকে আমরা জনসম্পৃক্ত ও জনকল্যাণমূলক কর্মসূচিতে পরিণত করতে চাই।
তিনি আরও বলেন, চাঁদপুরের প্রতিটি এলাকায় পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম আরও জোরদার করতে হবে। আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। একটি সুন্দর চাঁদপুর গড়ে তুলতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও সম্পৃক্ত করতে হবে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতাকর্মীরা বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এ সময় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম, সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদ রায়হান মাঝি, সদস্য সচিব শামছুল আরেফিন খান, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
১ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur