মতলব দক্ষিণ উপজেলায় অপহরণের ছয় দিন পর সুমাইয়া আক্তার (১৭) নামে এক স্কুলছাত্রীকে ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শুভ চন্দ্র দেবনাথ (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) ভোর রাতে প্রযুক্তির সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যার পর ছবি তোলার জন্য সাজতে পাশের ঘরে যান সুমাইয়া। এরপর পরিবারের সদস্যদের অগোচরে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে পরিবারের লোকজন বিভিন্ন মাধ্যমে জানতে পারেন, শুভ চন্দ্র দেবনাথের প্ররোচনায় তাকে নিয়ে যাওয়া হয়েছে।
সুমাইয়া উপজেলার নারায়ণপুর ইউনিয়নের তেলিমাছুয়াখাল গ্রামের খন্দকার বাড়ির চারু খন্দকারের মেয়ে। তিনি লামচরী উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেন। আটক শুভ চন্দ্র দেবনাথ একই ইউনিয়নের নারায়ণপুর সাতান কবিরাজ বাড়ির গণেশ চন্দ্র দেবনাথের ছেলে।
ঘটনার পরদিন শুক্রবার মেয়ের সন্ধান না পেয়ে মতলব দক্ষিণ থানায় নিখোঁজ ডায়েরি করেন তার মা জোস্না বেগম। পরে বিভিন্ন সূত্রে মেয়েকে অপহরণের অভিযোগ পেয়ে মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে শুভ চন্দ্র দেবনাথ, অয়ন ও রাতুলের নাম উল্লেখ করে মতলব দক্ষিণ থানায় অপহরণ মামলা দায়ের করেন তিনি।
সুমাইয়ার মা জোস্না বেগম বলেন, “মেয়ের কোনো খোঁজ না পেয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম। পরে জানতে পারি শুভ চন্দ্র দেবনাথ আমার মেয়েকে নিয়ে গেছে। এরপর থানায় মামলা করি। পুলিশের তৎপরতায় ভোর রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে মেয়েকে উদ্ধার করা হয়েছে।”
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, শিক্ষার্থীর মা বাদী হয়ে অপহরণ মামলা করেছেন। প্রযুক্তির সহায়তায় বুধবার ভোর রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার এবং মামলার এজাহারভুক্ত আসামি শুভ চন্দ্র দেবনাথকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মতলব প্রতিনিধি/
২৬ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur