চাঁদপুরের কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) বিকেল ৩টায় কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমদাদ উল্যাহর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির ও কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম আকাশ । এ সময় কচুয়া উপজেলা প্রেসক্লাবের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় কচুয়ার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসাধারণের বিভিন্ন সমস্যা, প্রশাসন ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এসময় তিনি বলেন, কচুয়ার উন্নয়ন ও জনস্বার্থে প্রশাসন এবং সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে স্থানীয় বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি প্রশাসনের উন্নয়নমূলক কর্মকান্ডও জনগণের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় কচুয়ার উন্নয়ন ও জনকল্যাণে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২৫ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur