চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম সোহেল গাজীর পিতা চাঁদপুর পৌর বিএনপির উপদেষ্টা অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান (সোনামিয়া) গাজীকে দুই দফা রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) পুরাণবাজার পৌরসভার ৪নং ওয়ার্ডের চৌধুরী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের মরদেহে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। সকাল পৌনে ১০টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে পৃথকভাবে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়।
বাদ জোহর চৌধুরী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন মসজিদের খতিব ও ইমাম মাও. নাছির উদ্দিন আহমেদ। জানাজা শেষে বিপুলসংখ্যক মুসল্লি, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসীর উপস্থিতিতে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
চাঁদপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমান আলী মিয়াজীর পরিচালনায় জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝি, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহাজাহান মিয়া, এলাকাবাসী নুরুল ইসলাম নুরু এবং মরহুমের ছেলে কামরুল ইসলাম সোহেল গাজী।
বক্তারা মরহুম হাবিবুর রহমান (সোনামিয়া) গাজীর কর্মময় জীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং সমাজ ও সংগঠনের প্রতি তাঁর দায়িত্বশীল ভূমিকার কথা স্মরণ করেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সদস্য ফরিদ আহমেদ বেপারী ও মক্কু ছৈয়াল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদুর রহমান মাঝি, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক এলাকাবাসী।
উল্লেখ্য, অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান (সোনামিয়া) গাজী চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি এক ছেলে ও পাঁচ মেয়েসহ নাতি-নাতনী এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
হাবিবুর রহমান (সোনামিয়া) গাজী দীর্ঘদিন চাঁদপুরের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ছিলেন। তিনি চাঁদপুর জেলা বিএনপির সাবেক সদস্য, পৌর বিএনপির উপদেষ্টা এবং জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
স্টাফ করেসপন্ডেট/
২৫ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur