Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তির সৃচিপাড়া দক্ষিণ পরিষদ জরাজীর্ণ, ঝুঁকি নিয়ে চলছে সেবা
জরাজীর্ণ

শাহরাস্তির সৃচিপাড়া দক্ষিণ পরিষদ জরাজীর্ণ, ঝুঁকি নিয়ে চলছে সেবা

চাঁদপুরের শাহরাস্তির সৃচিপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের জরাজীর্ণ, ঝুঁকিপূর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে নাগরিক সেবা দিচ্ছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সদস্যবৃন্দ, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তারা।

ঝুঁকিপূর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা। দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটির বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়েছে এবং দেয়াল ও ছাদে দেখা দিয়েছে নানা ধরনের ক্ষয়ক্ষতি।

প্রতিদিন ইউনিয়ন পরিষদে বিভিন্ন সরকারি সেবা নিতে আসেন সাধারণ মানুষ। ঝুঁকিপূর্ণ ভবনে বসেই তাদের সেবা দিতে হচ্ছে জনপ্রতিনিধিদের। এতে চেয়ারম্যান ও সদস্যদের পাশাপাশি সেবা নিতে আসা সাধারণ মানুষের মধ্যেও দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

সুচিপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন জানান, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে বসে নাগরিক সেবা দিয়ে আসছি। বহুবার সংশ্লিষ্ট প্রশাসনের কাছে নতুন ভবনের আবেদন করলেও কোন সুফল পায়নি। এখন জীবনের ঝুঁকি নিয়ে ভবনে বসে নাগরিক সেবা দিতে হচ্ছে। তবে প্রতিটি মুহূর্তে আতঙ্কে থাকতে হয়। তাই নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।

তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা মহিউদ্দিন জানান,আমাদের ইউনিয়ন পরিষদের ভবনটি দীর্ঘদিন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। ভবনটি চারদিকে এবং ছাদ দোষে পড়ছে, একটু বৃষ্টি হলেই ভবনে পানি ঢুকে নাগরিক সেবার বালাম বইসহ, কম্পিউটার ফটোকপি মেশিনসহ অনেক আসবাবপত্র নষ্ট হয়েছে। আমরা অচিরে একটি নতুন ভবন নির্মাণের সু-দৃষ্টি কামনা করছি।

স্থানীয় ও নাগরিক সেবা গ্রহণকারী ইব্রাহিম খলিল রাসেল জানান, ইউনিয়ন পরিষদ ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ যে কোন মুহূর্তেই দোষে পড়তে পারে, দ্রুত সংস্কার অথবা নতুন ভবন নির্মাণ করা জরুরী প্রয়োজন। দীর্ঘদিন ধরে এমন ঝুঁকিপূর্ণ পরিবেশে কার্যক্রম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ না থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন। আমি শাহরাস্তি- হাজীগঞ্জের অভিভাবক মাননীয় সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি সৃচিপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের একটি নতুন ভবন নির্মাণের আপনার দৃষ্টি কামনা করছি।

ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের দাবি, জনগণের সেবা নিশ্চিত করতে নিরাপদ কর্মপরিবেশ অত্যন্ত জরুরি। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত জরাজীর্ণ ভবনটি সংস্কার বা নতুন ভবন নির্মাণের দাবি জানান

সচেতন মহলের দাবি, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত এ ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া জরুরি। এতে একদিকে যেমন সেবার মান বাড়বে, অন্যদিকে জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী ও সেবা নিতে আসা সাধারণ মানুষের নিরাপত্তা ও নিশ্চিত হবে।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
২৫ আগস্ট ২০২৬