চাঁদপুরের ফরিদগঞ্জে অটোমোবাইল এলপিজি স্টেশনে বেআইনি ও ঝুঁকিপূর্ণভাবে গৃহস্থালির রান্নার গ্যাস সিলিন্ডার রিফিল করার অপরাধে এক ফিলিং স্টেশন মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার ‘জে কে এলপিজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন সেন্টারে’ এই অভিযান পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. আর. এম. জাহিদ হাসান।
অভিযানসূত্রে জানা যায়, লাইসেন্স বা আইনগত অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এলপিজি অটো ফিলিং স্টেশন থেকে বিপজ্জনক উপায়ে বাসাবাড়ির রান্নার সিলিন্ডারে গ্যাস রিফিল করে বিক্রি করে আসছিল। এমন অভিযোগের সত্যতা যাচাইয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ফরিদগঞ্জ থানা-পুলিশকে সাথে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় হাতেনাতে রান্নার সিলিন্ডারে গ্যাস রিফিলের প্রমাণ পান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
লাইসেন্স না থাকা এবং বিপজ্জনক প্রক্রিয়ায় সিলিন্ডারে গ্যাস রিফিল করার অপরাধে উক্ত ফিলিং স্টেশন মালিককে নগদ এক লাখ (১,০০,০০০) টাকা জরিমানা করা হয়। সেই সাথে সিলিন্ডারে গ্যাস রিফিলের এই অবৈধ কার্যক্রমের ওপর তাৎক্ষণিক পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ভবিষ্যতে এমন অপরাধ আর করবেন না মর্মে স্টেশন মালিক লিখিত মুচলেকা প্রদান করেন।
ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. আর. এম. জাহিদ হাসান জানান, ঝুঁকিপূর্ণ উপায়ে রান্নার সিলিন্ডারে গ্যাস রিফিল করা আইনের চরম লঙ্ঘন এবং এটি যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারতো। জনস্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক: শিমুল হাছান,
১৬ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur