চাঁপুরের হাজীগঞ্জে ছয় বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে একটি নির্মাণাধীন ভবনের কেয়ারটেকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর আসামিকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার (৫ আগস্ট) দুপুরে হাজীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় আব্দুল হালিম মাস্টারের মেয়ের নির্মাণাধীন একটি ছয়তলা ভবনের নিচতলার সিঁড়িকক্ষে শিশুটিকে নির্যাতন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির নাম সেলিম মজুমদার (৫৫)। তিনি উক্ত নির্মাণাধীন ভবনের কেয়ারটেকার হিসেবে নিয়োজিত ছিলেন। পূর্বপরিচয়ের সূত্রে শিশুটি তাকে ‘দাদা’ বলে ডাকত। অভিযোগ রয়েছে, সুযোগ বুঝে আসামি বিভিন্ন সময় চকলেটের লোভ দেখিয়ে শিশুটিকে কাছে টানার চেষ্টা করতেন।
ঘটনার দিন দুপুরে শিশুটিকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ওই ভবনের নিচতলা থেকে শিশুটি কান্নারত অবস্থায় বের হয়ে এলে তার মাকে বিষয়টি জানায়। শিশুটির শারীরিক অবস্থার অবনতি দেখে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবগত করার পর স্বজনরা হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “অভিযোগ পাওয়ার পরপরই মামলা নথিভুক্ত করা হয়েছে এবং অভিযুক্ত কেয়ারটেকারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়/
৬ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur