“জুলাই চেতনায় গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ” চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৫ আগস্ট) চাঁদপুর শহরের নতুন বাজার কদমতলা পৌর মাল্টিপারপাস হলে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, যারা জুলাই অভ্যুত্থানে শহিদ হয়েছেন, তাদের জন্য দোয়া করা ছাড়া আমাদের এখন আর কিছু করার নেই। কিন্তু যারা জীবীত আছেন, তাদের জন্য অনেক কিছু করার আছে। আমাদের দলের চেয়ারম্যান দেশে আসার পর আপনাদের বিষয়ে যেসব অঙ্গীকার করেছেন, তা তিনি অক্ষরে অক্ষরে পালন করবেন।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের কারণে দেশে নির্বাচন করার সুযোগ পেয়েছি এবং সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। শহিদ পরিবার যে খুনিদের বিচার দাবী করছে, বিচার অবশ্যই হবে। আপনারা শুনছেন যে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে আসবে, আসতে দেন। তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। আমি বলবো আমাদের কাজ হচ্ছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকা।
এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, পৌর মাল্টিপারপাস হলের পাশের ভবনটিও পৌরসভার মালিকানা। অতীতে এই ভবনের তৃতীয় তলায় বসে নানা সন্ত্রাসী কার্যক্রমের ষড়যন্ত্র হয়েছে। আমি জেলা প্রশাসককে অনুরোধ করবো এই তৃতীয় তলা আপনারা নির্বাহী ক্ষমতায় নিলাম ডেকে ওই অর্থ শহীদ পরিবারের জন্য কাজে লাগাবেন।
তিনি আরও বলেন, জুলাইয়ের শহিদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। তাদের পরিবারের পাশে রাষ্ট্র থাকবে, সমাজ থাকবে এবং আমরাও সর্বোচ্চ দায়িত্ব পালন করবো। একই সঙ্গে আহত জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও মর্যাদা নিশ্চিত করাও আমাদের নৈতিক দায়িত্ব।
জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমার পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীন, চাঁদপুর জেলা জামায়াতের সেক্রটারী অ্যাড. শাহাজাহান মিয়া, জেলা এনসিপির আহ্বায়ক মাহবুব আলম, জুলাই যোদ্ধা ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জুলাই যোদ্ধা ও জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, জুলাই যোদ্ধা ও জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ, শহর শিবিরের সভাপতি মোজাহিদুল ইসলাম, জুলাই যোদ্ধা ও সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ খান, জুলাই যোদ্ধা তানিম খান, নাজমুস সাকিবসহ জুলাই গণঅভ্যুত্থানে নিহত পরিবার ও আহতরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জুলাই যোদ্ধা জাহিদুল ইসলাম ও গীতা পাঠ করেন বিশ্বজিৎ চন্দ্র দাস। এরপর শহিদের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনের দিনগুলোর বাস্তব চিত্র, সংগ্রাম, আত্মত্যাগ ও গণআন্দোলনের বিভিন্ন স্মরণীয় মুহূর্ত নিয়ে নির্মিত একটি প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
সবশেষে শহিদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা ও উপহার প্রদান করা হয়।
স্টাফ রিপোর্টার/৫ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur