আজ ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যূত্থান দিবস ২০২৬’ । দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার। এ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথকবাণী দিয়েছেন। একইসঙ্গে দেশের ৬৪ জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সংবর্ধনা, আলোকচিত্র প্রদর্শনী, বিশেষ প্রার্থনা ও সাংস্কৃতিক কার্যক্রমসহ নানা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচি অনুযায়ী, আজ সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যূত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন। সকাল ১১টায় ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হবে। এতে রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এ ছাড়া দেশের সব জেলা পর্যায়েও জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান এবং আলোচনা সভার আয়োজন করা হবে।
দিবসটি উপলক্ষে ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশনের মিনিপোলে জুলাই আন্দোলনের দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল, এফএম ও কমিউনিটি রেডিওতে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হবে।
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে। পাশাপাশি বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতেও দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বাদ জোহর বা সুবিধাজনক সময়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে। ঢাকা ও দেশের বিভিন্ন শহরের প্রধান সড়ক এবং সড়কদ্বীপ জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও রঙিন নিশান দিয়ে সজ্জিত করা হবে। জুলাই স্মৃতিস্তম্ভগুলোতে থাকবে বিশেষ আলোকসজ্জা। দিবসটি উপলক্ষে একটি স্মারক ডাকটিকিটও প্রকাশ করা হবে।
এদিকে সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত জাদুঘরগুলো দিনভর বিনা টিকিটে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে। শিশুদের জন্য দেশের সব সরকারি ও বেসরকারি বিনোদনকেন্দ্রও বিনা টিকিটে উন্মুক্ত রাখার ব্যবস্থা করা হয়েছে।
এ ছাড়া দিবসটি উপলক্ষে দেশের সরকারি হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, শিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, ডে-কেয়ার ও শিশু বিকাশ কেন্দ্র এবং ভবঘুরে আশ্রয়কেন্দ্রগুলোতে প্রীতিভোজের আয়োজন করা হবে।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যূত্থান দিবস উপলক্ষে এরই মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে আলোচনা সভা, প্রকাশনা উন্মোচন এবং আলোকচিত্র প্রদর্শনীর মতো নানা কর্মসূচি শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে দিবসটি রাষ্ট্রীয় মর্যাদায় পালনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।
চাঁদপুর টাইমস ডেস্ক/
৫ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur