কুমিল্লার চৌদ্দগ্রাম ও ফেনী সদর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১ কোটি ১৫ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ী ও মোবাইল ডিসপ্লে জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। আজ রোববার (২ আগস্ট) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানগুলো পরিচালিত হয়।
১০ বিজিবি সূত্র জানায়, অদ্য ০২ আগস্ট ২০২৬ তারিখ ভোর ৪:৩০ ও ৫:৩০ ঘটিকায় শিবেরবাজার বিওপি এবং গীতাবাড়ি বিওপির বিশেষ টহল দল নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযানকালে চৌদ্দগ্রাম উপজেলার চৌয়ারা বাজার এলাকা (যা সীমান্তের ৫ কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত) এবং ফেনী সদর উপজেলার উত্তর বেতীয়ারা নামক স্থান (সীমান্তের ৩০০ গজ অভ্যন্তরে) থেকে মালিকবিহীন
অবস্থায় এসব চোরাই পণ্য আটক করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় শাড়ী এবং উচ্চমূল্যের মোবাইল ডিসপ্লে, যার সর্বমোট বাজারমূল্য ১ কোটি ১৫ লাখ টাকা।
সীমান্ত সুরক্ষার অংশ হিসেবে আটককৃত এসব চোরাই মালামাল আইনানুগ বিধি মোতাবেক কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে কঠোর অবস্থান অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
২ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur