Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে প্রবাসীর জন্য ওষুধের প্যাকেটে ইয়াবা পাচারের চেষ্টা
প্রবাসীর

শাহরাস্তিতে প্রবাসীর জন্য ওষুধের প্যাকেটে ইয়াবা পাচারের চেষ্টা

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ভোলদিঘী বাজারে অভিযান চালিয়ে ওষুধের প্যাকেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য এক লাখ আট হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত এক নারী পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুর আনুমানিক ১টার দিকে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান গোপন সংবাদ পান যে, ভোলদিঘী বাজারের গাজী স্টোরে ওষুধের প্যাকেটের ভেতরে ইয়াবা ট্যাবলেট সংরক্ষণ করে বিদেশে পাঠানোর প্রস্তুতি চলছে।

সংবাদের ভিত্তিতে ওসির নির্দেশনায় কিলো-৭ ডিউটিতে নিয়োজিত এসআই (নিঃ) মোহাম্মদ আল আমিন ভূঁইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালান।

তল্লাশির একপর্যায়ে ফিনিক্স-২০ ও র্যাবিপ্রাজল সোডিয়াম বিপি ২০ মিলিগ্রাম নামের দুটি ওষুধের প্যাকেটের ভেতর থেকে মোট ১৮টি পাতায় রাখা ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি পাতায় ২০টি করে ইয়াবা ট্যাবলেট ছিল। পরে মাদকগুলো জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বিদেশে অবস্থানরত আরিফ হোসেনের স্ত্রী রুনা আক্তার শনিবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে ভোলদিঘী বাজারের হাক্কানী ট্রেডার্সের পরিচালক এনায়েত হোসেনের কাছে একটি লাল-নীল রঙের শপিং ব্যাগে কচটেপে মোড়ানো একটি প্যাকেট দেন। প্যাকেটটি মালড়া গ্রামের রাশেদ নামে এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল।

তবে প্যাকেটটি সন্দেহজনক মনে হওয়ায় এনায়েত হোসেন স্থানীয় লোকজনকে উপস্থিত করে ভিডিও ধারণের মাধ্যমে সেটি খুলে দেখেন। তখন ওষুধের প্যাকেটের ভেতরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট দেখতে পেয়ে তিনি বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ইয়াবাগুলো জব্দ করে।

ঘটনার পর থেকেই অভিযুক্ত রুনা আক্তার আত্মগোপনে রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। মাদক পাচার ও কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

স্টাফ করেসপন্ডেট/
২ জুলাই ২০২৬